Advertise top
খেলা

বরিশালে মাঠ উন্নয়নে ৫০ কোটি টাকার প্রস্তাব

বরিশাল নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম    

বরিশালে মাঠ উন্নয়নে ৫০ কোটি টাকার প্রস্তাব
নগরীর আলেকান্দার পরেশ সাগর মাঠ। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে বরিশালে ১৬টি খেলার মাঠ উন্নয়নের প্রকল্প পাঠানো হয়েছে।

 

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এ জন্য প্রায় ৫০ কোটি টাকার প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বিসিসির সম্পত্তি শাখার কর্মকর্তা শাকিল আহমেদ জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

প্রকল্পে প্রাকৃতিক ঘাস, পানি নিষ্কাশনের নালা, এলইডি ফ্লাডলাইট, আধুনিক শৌচাগার ও গ্যালারি থাকবে। ফলে মাঠগুলোতে রাতেও খেলা সম্ভব হবে। তালিকায় আছে কাউনিয়া বিসিক মাঠ, আলেকান্দার পরেশ সাগর মাঠ, কাউনিয়া হাউজিং মাঠ, সেকশন রোড মাঠসহ আরও কয়েকটি।

 

দখল ও অপরিকল্পিত নগরায়ণে নগরীর অনেক মাঠ হারিয়েছে। বরিশাল রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য ও সাবেক ফুটবলার রুহুল আলম বাবু বলেন, “পরেশ সাগর মাঠে হাজারো ক্রিকেটার ও ফুটবলার অনুশীলন করতেন। এখন মাঠটির অবস্থা ভঙ্গুর।” তার মতে, মেলার আয়োজনে মাঠটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন জানান, নগরীর বর্ধিত এলাকায় বড় মাঠ তৈরির পরিকল্পনাও আছে। সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের জন্য নদীর তীরে একটি মাঠের বিষয়টি বিবেচনায় রয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal