বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম

ব্যাটিং ধসের পর স্পিনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আলোকস্বল্পতায় খেলা থামার আগে ওয়েস্ট ইন্ডিজ ১৩৪ রানে চার উইকেট হারিয়েছে।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে তিন উইকেটে ২১৩ রান নিয়ে শুরু করেছিল বাংলাদেশ। দলীয় ২২১ রানে চতুর্থ উইকেট পড়ার পর ধস নামে। শেষ পর্যন্ত ৫৯ রানে সাত উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট হয় নাজমুল হোসেনের দল।
দিনের প্রথম ওভারেই সেঞ্চুরি পূর্ণ করেন ওপেনার সাদমান ইসলাম। টেস্টে তার তৃতীয় সেঞ্চুরি এসেছে ২২০ বলে। সেঞ্চুরির জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ১৭ ইনিংস। অভিষিক্ত জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে ১০৫ রানে ফেরেন তিনি। হৃদয় বোল্ড হন ৪২ রানে। ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিক্যান ৫৩ রানে পাঁচ উইকেট নেন।
ব্যাটিংয়ের সময় ডান কনুইয়ে আঘাত পান লিটন দাস। ফিজিওথেরাপিস্ট বায়জেদুল ইসলাম খান জানান, কনুই থেঁতলে গেছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বদলি উইকেটকিপার হিসেবে খেলেন জাকের আলী।
ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ভালো করলেও হাসান মাহমুদ ১৫ রানে ব্রেন্ডন কিংকে ফেরান। ক্যাম্পবেলের দুটি সহজ ক্যাচ ছাড়েন নাঈম হাসান ও শরীফুল ইসলাম। ৫৪ রান করে তিনি মিরাজের বলে স্লিপে ধরা পড়েন।
এরপর ৩৬তম ওভারে কোনো রান না দিয়ে দুই উইকেট নেন তাইজুল ইসলাম। ফেরেন কাভেম হজ ও আমির জাঙ্গু। অপরাজিত আছেন তেজনারায়ণ চন্দরপল ৪৩ ও গ্রিভস ১৫ রানে। দলটি এখনো ১৩৮ রানে পিছিয়ে।
বৃষ্টি ও আলোকস্বল্পতায় দিনে খেলা হয়েছে মাত্র ৭১.৪ ওভার। প্রথম দিনে হয়েছিল ৭৪ ওভার।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন