বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পিএম

প্রথম সেটে হেরে পিছিয়ে পড়েও টানা তিন সেট জিতে সোনা জিতেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে দলটি।
ইরাকের সোলাইমানিয়াহতে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ফাইনালে নামে বাংলাদেশ। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) এই ইভেন্টে দলে ছিলেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি।
প্রথম সেট ৫৩-৫০ ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর পরের তিন সেট যথাক্রমে ৫৫-৫৪, ৫৫-৫২ ও ৫২-৫১ ব্যবধানে জিতে ম্যাচ নিজেদের করে নেয়। এলিমিনেশন রাউন্ডে বাই পেয়ে শুরু করা দলটি সেমি-ফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারায়।
এই সোনাসহ আসরে বাংলাদেশের পদক এখন ছয়টি। দুটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ জিতেছে দল। এর আগে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে প্রথম সোনা জেতে বাংলাদেশ। সেই দলে ছিলেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি।
কম্পাউন্ড পুরুষ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে রুপা পেয়েছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ এককে ব্রোঞ্জ জিতেছেন নেওয়াজ আহমেদ রাকিব। নারী এককে ব্রোঞ্জ পেয়েছেন কুলসুম আক্তার মনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন