Advertise top
ক্রিকেট

মিরপুর টেস্ট; দিনশেষে বাংলাদেশ ২১৩/৩, সাদমান ৯৯

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম    

মিরপুর টেস্ট; দিনশেষে বাংলাদেশ ২১৩/৩, সাদমান ৯৯
অর্ধশতকের পর সাদমানের অভিবাদন। ক্রিকইনফো

আলো কম থাকায় মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা আগেভাগে শেষ হয়েছে। সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকে মাঠ ছাড়লেন সাদমান, বাংলাদেশের রান তিন উইকেটে ২১৩।

 

মিরপুরে বুধবার, ২৮ অক্টোবর টস জিতে ব্যাটিং বেছে নেন অধিনায়ক নাজমুল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেইডেন সিলস ও শামার জোসেফ নতুন বলে দারুণ বোলিং করেন। সপ্তম ওভারে সাত রানে সিলসের বলে স্লিপে ক্যাচ দেন তানজিদ হাসান।

 

এরপর সাদমান ইসলামের সঙ্গে মুমিনুল হক গড়েন ৫৯ রানের জুটি। জোমেল ওয়ারিকানের বল মিড অফে তুলে দিয়ে ২৮ রানে আউট হন মুমিনুল। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজের রিভিউয়ে এলবিডব্লিউ হন নাজমুল। তিনি করেন ১৯ রান।

 

সাদমান ৩৪তম ওভারে টেস্টে নিজের দশম ফিফটি পূর্ণ করেন। চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে ১৬৮ বলে ৮০ রানের জুটি গড়েন তিনি। আঙুলের চোটে মুশফিকুর রহিম একাদশে না থাকায় সুযোগ পান হৃদয়। ক্র্যাম্পের পর ৪২ রানে ব্যাটিং করার সময় বাঁ পায়ের হাঁটুর নিচের অংশে চোট পান তিনি। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন হৃদয়। চোট কতটা গুরুতর, তা এখনো স্পষ্ট নয়।

 

হৃদয়ের বদলে নামেন লিটন দাস। আলোকস্বল্পতায় ৭০ ওভার শেষে খেলা থামে। প্রায় ৫০ মিনিট পর রোদ ফেরায় আবার খেলা শুরু হয়। ৭৪ ওভারে বাংলাদেশের স্কোর ২১৩ হওয়ার পর আবার আলো কমে যায়।

 

আম্পায়াররা জানান, পেসারদের বোলিংয়ের জন্য যথেষ্ট আলো নেই। জোসেফ বোলিংয়ের প্রস্তুতি নিলেও আর খেলা হয়নি। সেঞ্চুরির জন্য এক রান বাকি রেখে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সাদমান। ক্রিজে তার সঙ্গে আছেন লিটন।

 

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট এটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চারে থাকা বাংলাদেশের ফাইনালে যেতে হাতে থাকা ছয় টেস্টের অন্তত চারটিতে জিততে হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal