Advertise top
প্রযুক্তি

বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলার গায়েব

বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম    

বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলার গায়েব
ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স বড় সাইবার হামলার শিকার হয়েছে। রূপক ছবি

একজন প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক হয়ে বাইন্যান্সে হামলা হয়ে থাকতে পারে। এতে ৬৩০ কোটি ডলারের সম্পদ গায়েব হয়েছে।

 

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স বড় ধরনের সাইবার হামলার কথা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার, ২৯ অক্টোবর বিষয়টি প্রকাশ করে। ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস ও চেইনালাইসিস বলেছে, এর পেছনে উত্তর কোরিয়ার হ্যাকাররা রয়েছে। এ বিষয়ে দেশটির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

প্রাথমিক তদন্তে বাইন্যান্স জানিয়েছে, এক প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক হওয়ায় হামলাকারীরা সার্ভিস কনটেইনারে ঢুকে অননুমোদিত উত্তোলনের লেনদেন জমা দিয়েছে। ওয়ালেটের প্রাইভেট-কি ফাঁসের প্রমাণ মেলেনি। টিআরএম ল্যাবস জানায়, ১০টি ব্লকচেইনের ওয়ালেট থেকে ২০ মিনিটে বেশির ভাগ অর্থ সরানো হয়।

 

বাইন্যান্সের তথ্যমতে, প্রায় ৩০০ কোটি ডলার জব্দ করা গেছে। বাকি ৩৩০ কোটি ডলারের অবস্থান নিয়ে তারা কিছু জানায়নি। টেথার ১৫০ কোটি ডলারের বেশি এবং সার্কেল ৮০ কোটি ডলারের বেশি সম্পদ আটকে দিয়েছে। রিপল আটকেছে প্রায় ২০ কোটি ডলার।

 

সহ-প্রতিষ্ঠাতা ই হে জানান, ক্ষতির দায় এক্সচেঞ্জ নিজেই নেবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তোলন সেবা পুরোদমে চালু হবে বলেও তিনি জানান। হামলার পর শুক্রবার, ৩০ অক্টোবর এশিয়ার বাজারে বিটকয়েনের দাম ৩ শতাংশের বেশি কমে ৭৬ হাজার ৩৬৮ ডলারে নেমে আসে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal