বরিশাল নিউজ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

এনএসআইয়ের গোপন অনুসন্ধানের পর বাবুগঞ্জের মাধবপাশা বাজারে এক ফার্মেসি ও এক ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
মাধবপাশা বাজারে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা অভিযানের বিষয়টি জানান।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা জানান, মেসার্স আন্নি ফার্মেসির মালিক তসলিমা আক্তার আন্নি এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা দিচ্ছিলেন বলে তথ্য ছিল। এনএসআইয়ের বরিশাল কার্যালয়ের একটি দল রোগী সেজে গিয়ে চিকিৎসা নেয়। ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে চিকিৎসা না দেওয়ার মুচলেকাও নেওয়া হয়।
এরপর আদালত পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবে অভিযান চালায়। সেখানে প্রয়োজনীয় সনদ ও প্যাথলজিস্ট ছাড়াই পরীক্ষা করে রিপোর্ট দেওয়া হচ্ছিল। পরীক্ষাগারের পরিবেশও মানসম্মত ছিল না। প্রতিষ্ঠানের ম্যানেজার সাব্বির সরদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক তুর্য্য অধিকারী ও বিমানবন্দর থানা পুলিশের সদস্যরা ছিলেন। ইউএনও বলেন, “এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।” তিনি জানান, এমন অভিযান চলবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন