বরিশাল নিউজ
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম

বরিশাল সদরের দক্ষিণ কড়াপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের এক এএসআইসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
অধিদফতরের বরিশাল কার্যালয়ের পরিদর্শক জাহিদুল ইসলাম বৃহস্পতিবার, ৮ অক্টোবর দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বরিশাল নিউজ ডটকমকে জানান, ওই দিন সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার দক্ষিণ কড়াপুরে মিরাজুল ইসলামের বাড়ি ঘেরাও করা হয়। বাড়িটিতে মাদক কেনাবেচা ও সেবন চলছে, এমন তথ্য আগে থেকেই অধিদফতরের কাছে ছিল।
স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে প্রায় ২০ মিনিটের চেষ্টায় অভিযানকারী দল ঘরে ঢোকে। ভেতর থেকে চারজনকে আটক করা হয়। একই সঙ্গে মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার এএসআই দেলোয়ার হোসেন (৩৮)। তাঁর বাড়ি খুলনা সদরের শেরে বাংলা রোড এলাকায়। বাবার নাম সাখাওয়াত হোসেন সিকদার। মিরাজুল ইসলাম (৩৪)। তিনি দক্ষিণ কড়াপুরের বাসিন্দা এবং মৃত এম এ বারির ছেলে। নাহিদ হাসান (২৬)। তাঁর বাড়ি বাগেরহাটের ফকিরহাটের ভট্টখামার নোয়াপাড়ায়। বাবার নাম আবু সাঈদ মোল্লা। ফাতেমা আক্তার নুরজাত (৩০)। তিনি বরিশাল নগরের কাউনিয়া থানার পলাশপুরের বাসিন্দা।
অভিযানের সময় দেলোয়ার নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। পরে এয়ারপোর্ট থানাকে জানানো হলে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে। এরপর তাঁকে থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে মাদকদ্রব্য মেলেনি, শুধু সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। এ কারণেই দেলোয়ারকে তাঁর বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক পাওয়া গেলে এভাবে হস্তান্তরের সুযোগ থাকত না বলেও জানান তিনি। দেলোয়ার ওই বাড়িতে কেন গিয়েছিলেন, তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খতিয়ে দেখবেন বলে উল্লেখ করেন পরিদর্শক।
বাকি তিনজনকে অধিদফতরের হেফাজতে রাখা হয়েছে। জাহিদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, তাঁরা মাদক সেবনের কথা স্বীকার করেছেন। এ কারণে তাঁদের ডোপ টেস্ট করা হয়। প্রতিবেদন পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে আইন ও চাকরিবিধি অনুযায়ী দেলোয়ারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তাঁরও ডোপ টেস্ট করা হবে বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন