বরিশাল নিউজ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে উদ্ধার করা হয়েছে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তৎপরতায় তাকে খুঁজে পাওয়া যায়। মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাই কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। তবে তাকে উদ্ধারের পর জানা গেছে, তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার, ১৭ নভেম্বর বিকালে আদালতের কার্যক্রম শেষে বের হন সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। এরপর তিনি আর বাসায় ফেরেননি।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে বুধবার, ১৮ নভেম্বর বরিশাল কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন