Advertise top
আদালত-অপরাধ

শিশুদের সোশ্যাল মিডিয়ায় নীতিমালার নির্দেশ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম    

শিশুদের সোশ্যাল মিডিয়ায় নীতিমালার নির্দেশ
স্মার্টফোনে সময় কাটাচ্ছে একটি শিশু। প্রতীকী ছবি

নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক মাধ্যম ব্যবহার করছে। হাই কোর্ট ১৬ বছরের কম বয়সীদের জন্য নীতিমালা করতে নির্দেশ দিয়েছে।

 

বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাই কোর্ট বেঞ্চ রবিবার, ২২ নভেম্বর জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। আদালত চার সপ্তাহের রুল জারি করেছেন।

 

আদালত অবিলম্বে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

 

রুলে জানতে চাওয়া হয়েছে, নীতিমালা প্রণয়নে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না। বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

 

রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর। আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে।’ তার ভাষ্য, এতে শিশুদের একাকিত্ব ও হতাশা বাড়ছে।

 

রিটে আইসিডিডিআর,বির একটি গবেষণার উদ্ধৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিনের সামনে কাটায়। অংশগ্রহণকারী শিশুরা গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা স্ক্রিন ব্যবহার করে। এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়।

 

দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুরা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এ বয়সে প্রতিদিন আট থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন। গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal