বরিশাল নিউজ
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

আতঙ্ক ছড়াতে বরিশালের মুলাদীতে বিএনপির ওয়ার্ড কার্যালয়ের সামনে ককটেল ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একটি বিস্ফোরিত হয়, আরেকটি নিষ্ক্রিয় করেছে পুলিশ।
বরিশালের মুলাদীতে বিএনপির ওয়ার্ড কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে শনিবার, ২১ নভেম্বর রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে ইউনিয়ন বিএনপি নেতা মো. কামাল সরদার কার্যালয়টি উদ্বোধন করেন। রাতে দুর্বৃত্তরা সেখানে দুই থেকে তিনটি ককটেল ছোড়ে। এর একটি বিস্ফোরিত হয়। আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
কামাল সরদার বলেন, ‘আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা রাতের আঁধারে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে।’ তিনি ঘটনা তদন্ত করে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচুর রহমান ঘরামী জানান, রাত দেড়টার দিকে তিনি ওই এলাকায় একটি মোটরসাইকেল যেতে দেখেছেন। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন রবিবার, ২২ নভেম্বর সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, বাদামতলা এলাকায় ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। উদ্ধার করা ককটেলটি থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন