বরিশাল নিউজ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

দুই বীর মুক্তিযোদ্ধার আত্মদানে বরিশাল অঞ্চলে সবার আগে হানাদারমুক্ত হয় ঝালকাঠির রাজাপুর থানা।
মুক্তিযোদ্ধাদের বর্ণনা অনুযায়ী, ১৯৭১ সালের ২২ নভেম্বর রাতে রাজাপুর থানায় আক্রমণ চালানো হয়। সম্মুখ যুদ্ধে অংশ নেন প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা। লড়াই পরদিন সকাল পর্যন্ত গড়ায়।
এই যুদ্ধে শহিদ হন আব্দুর রাজ্জাক ও হোচেন আলী। আহত হন কমপক্ষে ২০ জন মুক্তিযোদ্ধা। দুই শহিদের রক্তের বিনিময়ে বৃহত্তর বরিশালের আকাশে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে রাজাপুরে।
তখন রাজাপুর থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন কেরামত আলী আজাদ। মুক্তিযুদ্ধে সারা দেশ ১১টি সেক্টরে ভাগ করা হয়। রাজাপুর ছিল বরিশাল সাব সেক্টরের অধীনে।
সাব সেক্টরের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন শাহজাহান ওমর। উপজেলার কানুদাসকাঠিতে তিনি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি গড়ে তোলেন। থানায় সম্মুখ যুদ্ধ শুরু হলে তিনি নিজেও অংশ নেন এবং গুলিবিদ্ধ হন।
বীরত্বের স্বীকৃতি হিসেবে শাহজাহান ওমরকে বীরউত্তম খেতাব দেওয়া হয়। ঝালকাঠি জেলায় এ খেতাব পাওয়া একমাত্র যোদ্ধা তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন