Advertise top
আদালত-অপরাধ

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম    

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংগৃহীত

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকার উত্তরা থেকে বুধবার রাতে তিনি গ্রেপ্তার হন। অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতিও আটক হন রাতে।

 

জুলাই গণ-অভ্যুত্থানের সময় উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন বৃহস্পতিবার, ১৯ নভেম্বর তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন।

 

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দীন জানান, আসামির পক্ষে জামিনের আবেদন ছিল না। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, নাহিদের পক্ষে কোনো আইনজীবীও ছিলেন না। তাকে আদালতে হাজির করা হয়নি।

 

আবেদনে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদের দেওয়া তথ্য যাচাই চলছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা দরকার। প্রয়োজনে পরে রিমান্ড চাওয়া হবে।

 

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা হয়। গুলিতে সাদিকুল ইসলাম (২১) আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়।

 

নাহিদকে (৮১) বুধবার, ১৮ নভেম্বর দিবাগত রাতে উত্তরার তিন নম্বর সেক্টরের বাসা থেকে আটক করা হয়। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের প্রতিবেদনে সিলেটে তার বিরুদ্ধে ১৪টি মামলার তথ্য আছে।

 

আটকের সময়ের একটি ভিডিওতে নাহিদের পরিবারকে অভিযোগ করতে দেখা যায়, পুলিশ যাওয়ার আগে কয়েকজন ডিবি পরিচয়ে টাকা ও গহনা নিয়ে গেছেন।

 

উত্তরার একটি বাসা থেকে অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতিকেও আটক করা হয়েছে। তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে ডিবি কার্যালয়ে নেওয়ায় বিস্তারিত বলতে পারেননি তিনি। আটকের আগে ফেসবুক লাইভে জ্যোতি দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal