Advertise top
বাংলাদেশ

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই; পরে শুনলেন বিয়ে হয়ে গেছে

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম    

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই; পরে শুনলেন বিয়ে হয়ে গেছে
ভুক্তভোগী নারী। সংগৃহীত

ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টিপসই নিয়ে জাল কাবিননামা তৈরির অভিযোগ করেছেন ৪৩ বছর বয়সী এক বিধবা।

 

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ওই নারীর অভিযোগ, প্রথমে তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়। কয়েক দিন পর ডেকে একটি কাগজে টিপসই নেওয়া হয়। এরপর গ্রামে রটে যায় যে তাঁর বিয়ে হয়েছে। তিনি বলেন, ‘আমি কোথাও বিয়ে করতে যাইনি। কোনো কাজিকেও দেখিনি।’

 

নারীর দাবি, স্থানীয় আবদুস ছাত্তার কৌশলে টিপসই নিয়েছেন। ছাত্তার অভিযোগ অস্বীকার করে বলেন, জমিজমার বিরোধের জেরে তাঁকে ফাঁসানো হচ্ছে। উপজেলা জামায়াতের আমির মো. ফজলুল হক জানান, ছাত্তার দলের পদধারী নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

 

কাবিননামায় বর হিসেবে আবদুল কুদ্দুসের নাম রয়েছে। তাঁর স্ত্রী সুফিয়া খাতুন বলেন, বিয়ের বিষয়ে স্বামী আগে কিছু জানাননি। জানাজানির পর স্বামী ‘কোর্ট ম্যারেজ’ করেছেন বলে দাবি করেন। কুদ্দুসের বক্তব্য পাওয়া যায়নি।

 

কাবিননামায় কাজি হিসেবে গোলাম মোস্তফার নাম আছে। তিনি বিয়ে পড়ানোর কথা অস্বীকার করে বলেন, কাগজটি জাল। সাক্ষী হিসেবে উল্লিখিত সাইফুল ইসলামও সাক্ষী হওয়ার কথা অস্বীকার করেন।

 

গ্রামে সোমবার, ৫ অক্টোবর ও বুধবার, ৭ অক্টোবর দুই দফা সালিস হয়েছে। অভিযুক্তরা হাজির হননি। সালিসের নেতৃত্বে থাকা মোহাম্মদ রুস্তম আলী জানান, তাঁদের শুক্রবার, ৯ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত হবে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal