Advertise top
বাংলাদেশ

সশস্ত্র বাহিনী দিবস আজ; বরিশালে নৌবাহিনীর জাহাজ দেখার সুযোগ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম    

সশস্ত্র বাহিনী দিবস আজ; বরিশালে নৌবাহিনীর জাহাজ দেখার সুযোগ
সশস্ত্র বাহিনী দিবস । রূপক ছবি

বরিশালসহ চার নগরীতে নৌবাহিনীর সজ্জিত জাহাজ সর্বসাধারণ দেখতে পারবেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।

 

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজ শনিবার, ২১ নভেম্বর বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণ পরিদর্শন করতে পারবেন। জাহাজগুলো নিকটবর্তী ঘাটে নোঙর করা থাকবে।

 

ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। মোনাজাতে দেশের কল্যাণ এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের জন্য দোয়া করা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

 

ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা জানান। তিন বাহিনীপ্রধানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

 

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সন্ধ্যা ছয়টায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা এতে থাকবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

 

ঢাকার বাইরে বরিশালসহ ১২টি সেনানিবাস ও ঘাঁটিতে এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় কর্মসূচি ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার সন্ধ্যা সাড়ে সাতটায় ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও হচ্ছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal