বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

জমিসংক্রান্ত মামলা ও হয়রানি কমাতে দলিল নিবন্ধন স্বয়ংক্রিয় করছে সরকার। অনলাইন নিবন্ধন চালুর লক্ষ্য ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ বা ২০২৮ সালের প্রথমার্ধ।
ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের কাজ চলছে। প্রকল্প শেষ হলে নাগরিকরা অনলাইনে জমির তথ্য পাবেন এবং নিবন্ধনের বিভিন্ন ধাপ সারতে পারবেন। কর্মকর্তারা আশা করছেন, এতে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে জানান, প্রকল্পটি ২০২৫ সালের ১ জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে। ব্যয় ৬৩২ কোটি ৬৯ লাখ টাকা। মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে।
ভূমি খাতে ডিজিটাল উদ্যোগ নতুন নয়। ই-নামজারি পরীক্ষামূলকভাবে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি সাতটি উপজেলায় শুরু হয়। ই-পর্চা ও ই-খাজনার মাধ্যমে খতিয়ান সংগ্রহ ও ভূমি উন্নয়ন কর পরিশোধও এখন অনলাইনে সম্ভব। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বছরে প্রায় ৪০ থেকে ৫০ লাখ নাগরিক অনলাইনে এই কর দেন।
দলিল নিবন্ধন অবশ্য এতদিন কাগজনির্ভর পদ্ধতিতেই চলেছে। এটি ডিজিটাল করতে চলতি বছরের জানুয়ারিতে নিবন্ধন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬ জারি হয়। এতে সরকার-অনুমোদিত সফটওয়্যারে ডিজিটাল নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।
আদালতে বিচারাধীন মামলার বড় অংশই ভূমি-বিরোধের। কর্মকর্তাদের আশা, ডিজিটাল যাচাইয়ে মালিকানার নথি নির্ভুল হবে এবং জালিয়াতির সুযোগ কমবে।
নিবন্ধন মহাপরিদর্শক শামীমা আফরোজ সম্প্রতি রাজধানীতে একটি কর্মসূচির ফাঁকে সাব-রেজিস্ট্রি অফিসে জনবল সংকটের কথা বলেন। তার ভাষ্য, ‘প্রয়োজনের তুলনায় জনবল না থাকায় এসব গুরুত্বপূর্ণ দলিল ঝুঁকির মধ্যে রয়েছে।’ সফলতার জন্য প্রশিক্ষণ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও নির্ভরযোগ্য সার্ভার জরুরি বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন