বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে উপকূলের মানুষকে রক্ষায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এ তথ্য জানান। সচিবালয়ে সোমবার, ২৩ নভেম্বর বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর তিনি কথা বলেন।
মন্ত্রী বলেন, এ অর্থ উপকূলীয় মানুষের জীবনধারা টেকসই করতে ব্যয় হবে। জলবায়ু পরিবর্তনের বিপদ থেকে তাদের সুরক্ষাও এর লক্ষ্য।
বৈঠকে ঢাকার নিম্ন আয়ের মানুষের জন্য একটি মডেল প্রকল্পের বিষয়েও আলোচনা হয়েছে। মন্ত্রীর ভাষ্য, কড়াইল ও ভাসানটেকের মতো এক-দুটি বস্তিকে মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী এক-দুই বছরের মধ্যে প্রকল্প দাঁড় করানো সম্ভব হবে বলে তিনি আশা করেন।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে জানান, ঢাকাকে আরও বাসযোগ্য করতে একটি পাইলট কর্মসূচিতে সহায়তা দেওয়া হবে। শহরের চ্যালেঞ্জিং এলাকার উন্নয়ন কীভাবে সম্ভব, এই কর্মসূচিতে তা যাচাই করা হবে। উপকূলীয় অবকাঠামো, জীবিকা ও স্থানীয় প্রতিষ্ঠানকে সহায়তার বিষয়েও কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর থেকেই বিশ্বব্যাংক দেশকে সহায়তা দিয়ে আসছে। সবচেয়ে কম সুদে অর্থ দেওয়ায় সংস্থাটিকে বরাবর অগ্রাধিকার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন