বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া রাষ্ট্রের দায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে শনিবার, ২১ নভেম্বর সকালে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, খেতাবের চেয়েও বড় বিষয় হলো স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। তার ভাষ্য, এক জীবনে সবার পক্ষে এমন গৌরব অর্জন সম্ভব হয় না। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য।
নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমিও গর্বিত।’ তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন।
প্রধানমন্ত্রীর দাবি, জনগণের রায়ে বিএনপি যতবার দায়িত্ব পেয়েছে, ততবার মুক্তিযোদ্ধাদের কল্যাণে পদক্ষেপ নিয়েছে। উদাহরণ হিসেবে তিনি ২০০১ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়নের কথা বলেন।
মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি।
এর আগে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর একটি দল তাকে গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন