Advertise top
ধর্ম

বরিশালে ৬৩৭ মণ্ডপে হবে দুর্গাপূজা

বরিশাল নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম    

বরিশালে ৬৩৭ মণ্ডপে হবে দুর্গাপূজা
প্রতিমায় শেষ মুহূর্তের রং-তুলির কাজ করছেন কারিগরেরা। ফাইল ছবি

এবার বরিশাল জেলা ও মহানগরে ৬৩৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। গত বছরের চেয়ে মণ্ডপ বেড়েছে একটি।

 

জেলায় মণ্ডপ ৫৯০টি, মহানগরে ৪৭টি। মহালয়ার মধ্য দিয়ে ১০ অক্টোবর দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। মহাষষ্ঠী ১৭ অক্টোবর, মহাসপ্তমী ১৮ অক্টোবর, মহাষ্টমী ১৯ অক্টোবর, মহানবমী ২০ অক্টোবর এবং বিজয়া দশমী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

 

প্রতিমা তৈরির শেষ প্রস্তুতি

নগরীর ফলপট্টি কালিমাতা ঠাকুরনীর মন্দির ও সদর রোডের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে গিয়ে দেখা যায়, কারিগররা প্রতিমা তৈরিতে ব্যস্ত। বেশির ভাগ প্রতিমার কাঠামো ও মাটির কাজ প্রায় শেষ। বাকি আছে রং-তুলির কাজ।

 

প্রতিমা শিল্পী রনজিৎ পাল জানান, রংসহ বিভিন্ন উপকরণের দাম বেড়েছে। এতে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার খরচও বেড়েছে। সময়মতো কাজ শেষ করতে তাঁদের বাড়তি শ্রম দিতে হচ্ছে।

 

নিরাপত্তা ও সমন্বয়

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বলেন, মহানগরে ৪৭টি মণ্ডপে পূজার আয়োজন হচ্ছে। গত বছরের তুলনায় একটি মণ্ডপ বেড়েছে। বেশির ভাগ প্রস্তুতি শেষ। এখন পর্যন্ত কোনো মণ্ডপ থেকে অভিযোগ আসেনি, কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

 

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী বলেন, প্রশাসনের সহযোগিতায় প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ দ্রুত এগোচ্ছে। সময়মতোই সব মণ্ডপের প্রস্তুতি শেষ হবে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারিও বাড়ানো হয়েছে।

 

মানিক মুখার্জী আরও জানান, মণ্ডপের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকেরাও সিসি ক্যামেরাসহ নিজস্ব নিরাপত্তাব্যবস্থা রাখছেন। তিনি আশা করেন, পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

 

পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় ছিলেন পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান। সভায় পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, মণ্ডপের নিরাপত্তা ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।

 


 

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal