বরিশাল নিউজ, পটুয়াখালী
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পিএম

আরাকানি পঞ্জিকা মেনে পটুয়াখালীর রাখাইনরা সোমবার, ২৬ অক্টোবর প্রবারণা পূর্ণিমা পালন করছেন। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব।
সকালে বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং ধ্যান অনুশীলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। হাজারো প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা হয়। বিহারগুলোতে সমবেত হন শত শত রাখাইন নারী-পুরুষ।
দিনভর প্রদীপ পূজা, ত্রিপিটক পাঠ এবং ফুল ও প্রদীপ নিবেদন চলবে। রাখাইন পাড়াগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। সন্ধ্যায় আকাশে রংবেরঙের ফানুস ওড়ানো হবে। কুয়াকাটার রাখাইনরা আরাকানি চন্দ্র-সৌর পঞ্জিকা অনুসারে আজ দিনটি পালন করছেন বলে জানান বৌদ্ধ ভিক্ষুরা।
প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বর্ষাবাস পালন করেছিলেন। সেই ঐতিহ্য ধরে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা পালিত হয়। উৎসবের পরদিন থেকে প্রতিটি বিহারে মাসব্যাপী কঠিন চীবরদান শুরু হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন