Advertise top
আদালত-অপরাধ

ফেনসিডিল মামলায় ২ জনের যাবজ্জীবন

বরিশাল নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম    

ফেনসিডিল মামলায় ২ জনের যাবজ্জীবন
বরিশাল আদালত ভবন। ফাইল ছবি

ফেনসিডিল উদ্ধারের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত। রায়ের সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।

 

বরিশালের অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মিল্টন হোসেন সোমবার, ৫ অক্টোবর আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত দুজন পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা।

 

তাঁরা হলেন চরশিবা পণ্ডিতবাড়ির আজাহার আলী পণ্ডিতের ছেলে মো. শাহাদাৎ হোসেন পণ্ডিত (৪৭) এবং চরকপালবেড়া এলাকার আব্দুল বারেক হাওলাদারের ছেলে জলিল হাওলাদার (৪৬)।

 

মামলার বিবরণ

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ জানান, তৎকালীন র‍্যাব-৮-এর একটি দল ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর নগরের নতুনবাজার এলাকায় তল্লাশি চৌকি বসায়। সেখানে ২৫ বোতল ফেনসিডিলসহ শাহাদাৎ ও জলিলকে আটক করা হয়।

 

তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের উত্তর আলেকান্দা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ১৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

ঘটনায় র‍্যাবের তৎকালীন ডিএডি মশিউর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। একই বছরের ৩ নভেম্বর তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান মুকুল আদালতে অভিযোগপত্র দেন।

 

পাঁচজনের সাক্ষ্য নেওয়ার পর আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal