বরিশাল নিউজ
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম

বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে বসতভিটা ও ফসলি জমি বিলীন হচ্ছে। ভাঙনের মুখে আছে ইদিলকাঠী-বাহেরচর সংযোগ সড়কও।
বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সোমবার, ৫ অক্টোবর দুপুরে সন্ধ্যা নদীর পাড়ে গিয়ে দেখা যায়, ভাঙন ঠেকাতে স্থানীয়দের আকুতি। জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলেও ভাঙন ঠেকানো যাচ্ছে না বলে জানান বাসিন্দারা।
নদীর পাড়ে প্রার্থনা
স্থানীয় হাসান প্যাদার স্ত্রী নাজমা বেগম কলাপাতায় পান-সুপারি ও কলা নদীতে ভাসিয়ে দুই হাত তুলে প্রার্থনা করছিলেন। তিনি বলেন, “আমি স্বপ্নে দেখেছি— নদীর তীরে বসে আল্লাহর কাছে মাফ চাইলে এবং কলাপাতায় পান-সুপারি ও কলা ভাসিয়ে প্রার্থনা করলে আল্লাহ আমাদের নদীভাঙন থেকে রক্ষা করবেন।”
তিন কিলোমিটারজুড়ে ভাঙন
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত জানান, গত এক সপ্তাহে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ভাঙনের তীব্রতা বেড়েছে। প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চলছে। নদীতে চলে গেছে বসতবাড়ি, গাছপালা ও কয়েক একর ফসলি জমি।
স্থানীয় মুক্তিযোদ্ধা সুলতান মোল্লা হতাশা প্রকাশ করে বলেন, চোখের পলকে বসতঘর ও বাপ-দাদার কবরস্থান নদীগর্ভে চলে যাচ্ছে। নিজের কবরের জায়গাটুকুও হয়তো থাকবে না।
পানি উন্নয়ন বোর্ড দ্রুত ব্যবস্থা না নিলে সংযোগ সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও বসতবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুশফিকুর রহমান শুভ জানান, সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনকবলিত এলাকা চিহ্নিত করে প্রকল্প তৈরি করা হয়েছে। প্রকল্পটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) অন্তর্ভুক্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন