বরিশাল নিউজ
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

এক যুগের বেশি সময় ধরে অপরিচ্ছন্ন ছিল উজিরপুর উপজেলা পরিষদসংলগ্ন প্রায় দুই কিলোমিটার দৈর্ঘের একটি খাল। ময়লা-আবর্জনা পরে খালটির পানি প্রবাহ এক সময় বন্ধ হয়ে যায়। অথচ সেদিকে কারো নজরই পড়েনি।
এবার ঢাক ঢোল পিটিয়ে খাল খনন শুরু হলে প্রশাসনের সেদিকে নজর পড়ে। তাই সব উপজেলার মতো সেই খালের ময়লা-আবর্জনা পরিস্কার করার উদ্যোগ নেন ইউএনও মো. আলী সুজা।
উপজেলা প্রশাসন শুক্রবার, ৬ নভেম্বর খালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় এ কর্মসূচিতে অংশ নেন ইউএনও-সহ শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় তরুণ-তরুণী ও যুবসমাজের সদস্যরা।
এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচঘন্টার স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে খাল থেকে অপসারণ করা হয় কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য।
ইউএনওর বিডি ক্লিনের টি-শার্ট পরে সরাসরি সেই অভিযানে অংশ নেন। একপর্যায়ে খালের কাদায় আটকে যান তিনি। পরে স্বেচ্ছাসেবীরা তাকে টেনে তুলেন।
বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক জাহেদ ইরফান বলেন, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার আহ্বানে দীর্ঘদিনের অপরিচ্ছন্ন খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় তরুণ-তরুণীসহ শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে কর্মসূচিটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
ইউএনও মো. আলী সুজা বলেন, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ খালের পাশের বাসিন্দাদের ফেলে দেওয়া বিভিন্ন ধরনের বর্জ্যে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। তিনি আরো বলেন, সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজেরা স্বেচ্ছাশ্রমে উদ্যোগী হলে সমাজের অনেক সমস্যার সমাধান করা সম্ভব। এ পরিচ্ছন্নতা অভিযান তারই একটি উদাহরণ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন