বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পিএম

বিমানবন্দরে হুমকির মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও হুমকির মামলায় কারাগারে গেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত রবিবার, ৪ অক্টোবর তার জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলায় সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে।
গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার, ২ অক্টোবর সন্ধ্যায় ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। আদালত পরদিন এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি কিছু তথ্যও দিয়েছেন, যা যাচাই করা হচ্ছে।
আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাকসহ কয়েকজন জামিন চান। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক এ তথ্য জানান।
এজাহার অনুযায়ী মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটে বৃহস্পতিবার, ১ অক্টোবর সকালে জামায়াতের ৩৪ জন প্রতিনিধি সপরিবারে ঢাকায় আসেন। ওই সময় বিমানবন্দরে আগমনী যাত্রীর চাপ ছিল বেশি। ট্রলি ও লাগেজ পেতে দেরি এবং জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে উত্তেজনা ছড়ায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ পরিস্থিতি বোঝাতে গেলে আখতারুজ্জামান আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান। ওই সময় তিনি ‘ঘাড় ধরে বের করে দেব’ ও ‘মাইর খাইতে চান?’ বলে হুমকি দেন বলেও অভিযোগ আছে। ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন নির্বাহী পরিচালককে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন বলে এজাহারে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন