বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ এএম

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা ‘চোর’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রবিবার, ১৩ সেপ্টেম্বর বিকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এসব কথা বলেন।
হতাশা প্রকাশ করে স্পিকার বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর।’ তার ভাষায়, এসব কর্মকর্তার ঘুষ ও লুটপাটের কারণে সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
আওয়ামী লীগের অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ টেনে স্পিকার অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে দলটি দেশের কোষাগার লুণ্ঠন করেছে এবং বিদেশি সাহায্যের অর্থ পাচার করেছে। তিনি দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকেও অর্থ চুরি করে ফিলিপাইনে পাচার করা হয়েছিল। তার ভাষ্যমতে, ফিলিপাইনে জড়িতদের কারাদণ্ড হলেও এই ঘটনায় জড়িত বাংলাদেশিদের বিচার এখনো হয়নি।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রসঙ্গ টেনে স্পিকার দাবি করেন, তার নামে লন্ডনে ৩৬০টি বাড়ি পাওয়ার তথ্য পাওয়া গেছে, পাশাপাশি দুবাই ও যুক্তরাষ্ট্রেও তার সম্পদ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্পিকার আরও বলেন, প্রশাসনে এখনো আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা কর্মরত থাকায় প্রকৃত চিত্র জনগণের কাছে সম্পূর্ণভাবে পৌঁছাচ্ছে না।
ভারত প্রসঙ্গে মন্তব্য
প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রসঙ্গে স্পিকার বলেন, বাংলাদেশ ভালো থাকুক তা প্রতিবেশী দেশ চায় না এবং তারা বাংলাদেশকে ‘করদ রাজ্যে’ পরিণত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকার ১৬-১৭ বছরে বাংলাদেশের চেয়ে প্রতিবেশী দেশের স্বার্থ বেশি রক্ষা করেছে এবং একাধিক অসম চুক্তি করেছে।
উদাহরণ হিসেবে স্পিকার বলেন, চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজ এলে বাংলাদেশি জাহাজসহ অন্য সব জাহাজকে অপেক্ষা করতে হয়। তিনি দাবি করেন, ভারত বাংলাদেশের ভূমি দিয়ে পণ্য পরিবহনে যথাযথ শুল্ক পরিশোধ করে না, যার প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসায়ীদের ওপর। সীমান্তে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাকিস্তান সীমান্তে এ ধরনের ঘটনা ঘটে না, কিন্তু বাংলাদেশ সীমান্তে নিয়মিত এমন ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেন।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান এবং ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ স্থানীয় নেতারা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন