বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম

আশ্রয়প্রার্থীদের সাক্ষাৎকারে ইচ্ছাকৃত ভুল অনুবাদের অভিযোগে ইতালিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক দোভাষী গৃহবন্দি আছেন।
সিরাকুজা শহরের আন্তর্জাতিক সুরক্ষা স্বীকৃতিবিষয়ক আঞ্চলিক কমিশনে বাংলা ভাষার দোভাষী ছিলেন ৩৭ বছর বয়সি ওই ব্যক্তি। সরকারি কর্মকর্তা হিসেবে কমিশনের কর্মকর্তা ও আবেদনকারীদের কথোপকথন অনুবাদ করতেন তিনি। ইতালির সংবাদমাধ্যম আদনক্রোনোসের প্রতিবেদনে এ তথ্য এসেছে। কর্তৃপক্ষ তার নাম-পরিচয় প্রকাশ করেনি।
তদন্তকারীদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ইচ্ছাকৃতভাবে ও নিয়মিত ভুল অনুবাদ করতেন। কমিশনের কর্মকর্তাদের প্রশ্নও বদলে কার্যবিবরণীতে তুলতেন তিনি। অনেক ক্ষেত্রে আবেদনকারীদের গুরুত্বপূর্ণ তথ্য বাদ যেত। তারা যা বলেননি, এমন বক্তব্যও তাদের নামে নথিভুক্ত হতো বলে অভিযোগ। এতে আবেদন প্রত্যাখ্যানের পরিস্থিতি তৈরি হতো বলে তদন্তকারীদের ধারণা।
সিরাকুজা প্রসিকিউটর অফিসের নির্দেশে কারাবিনিয়েরি পুলিশের অপারেশনাল ইউনিট ঘটনা তদন্ত করে। সরকারি নথিতে মিথ্যা তথ্য অন্তর্ভুক্ত করার অভিযোগে তার বিরুদ্ধে আটকাদেশ জারি হয়। আদালত তা অনুমোদন করে ইলেকট্রনিক ব্রেসলেট পরিয়ে তাকে গৃহবন্দি রাখার নির্দেশ দেন। পরিবারের সদস্য ও আইনজীবী ছাড়া কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না তিনি।
ঘটনায় ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কমিউনিটির কয়েকজন সদস্য জানান, কিছু দোভাষীর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ শোনা যায়। চাহিদামতো অর্থ না দিলে সঠিক অনুবাদ হয় না বলেও অভিযোগ আছে। তাদের ধারণা, এ ঘটনার পেছনেও এমন কিছু থাকতে পারে।
তবে তদন্ত চলছে। আটক দোভাষীর বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন