Advertise top
ভোলা

কবিয়ালের লড়াইয়ে মুখর আড়াইশ বছরের ঐতিহ্যবাহী আয়োজন

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম    

কবিয়ালের লড়াইয়ে মুখর আড়াইশ বছরের ঐতিহ্যবাহী আয়োজন
পালা পরিবেশন করছেন কবিয়াল। বরিশাল নিউজ ডটকম

আড়াইশ বছরের ঐতিহ্য ধরে রাখতে ভোলার দক্ষিণ বাপ্তায় শুরু হয়েছে ২৫৯তম কবিগানের আসর।

 

ভোলা সদর উপজেলার দক্ষিণ বাপ্তার রতন মহাজন বাড়ির আঙিনায় তিন দিনের এই আসর বসেছে। দুই কবিয়ালের পাল্টাপাল্টি যুক্তি-তর্কের মধ্য দিয়ে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর বিকালে আয়োজনের সূচনা হয়। আসর শনিবার, ৩১ অক্টোবর শেষ হবে।

 

এবারের পালাগানে অংশ নিচ্ছেন পিরোজপুরের নাজিরপুরের কবিয়াল রতন সরকার ও গোপালগঞ্জের কোটালীপাড়ার নরত্তম সরকার। হারমোনিয়াম, ঢোল, বাঁশি, কাসা ও বেহালার সুরে পুরো প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে শত শত দর্শক-শ্রোতা এসেছেন।

 

আয়োজক ও স্থানীয়রা জানান, প্রতিবছর লক্ষ্মীপূজার পর গ্রামবাসী মিলে এই আসরের আয়োজন করেন। আড়াইশ বছরের বেশি সময় ধরে তারা এ ঐতিহ্য টিকিয়ে রেখেছেন। হিন্দু-মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষ এতে উৎসবের আমেজে যোগ দেন। গানের পাশাপাশি ছোট পরিসরে গ্রামীণ মেলাও বসেছে।

 

লোকসংস্কৃতির এই ধারা বাঁচিয়ে রাখতে আয়োজক ও স্থানীয়রা সরকারি পৃষ্ঠপোষকতা চেয়েছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal