বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের অভিযানে সহায়তার অভিযোগে ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় রবিবার, ১ নভেম্বর এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ এবং গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রু সংস্থা’ হিসেবে গণ্য করা হবে।
মন্ত্রণালয়ের অভিযোগ, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের সামরিক অভিযানে সহায়তা করেছে যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে নিজেদের ঘাঁটি ও লজিস্টিক সুবিধা ব্যবহারের অনুমতি দেওয়া। সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় আরও অভিযোগ করেছে, যুক্তরাজ্য জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন ভেঙেছে। বিবৃতিতে অন্য দেশের সার্বভৌমত্ব উপেক্ষা ও বেআইনি হস্তক্ষেপের কথা বলা হয়েছে। যুক্তরাজ্য সরকার ২০২৬ সালের ১৩ জুলাই ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরকে ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’-এর আওতায় এনেছিল। সেই সিদ্ধান্তও স্মরণ করিয়ে দিয়েছে তেহরান।
ইরানের ভাষ্য, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইন এবং পারস্পরিক নীতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে লন্ডন ও তেহরানের উত্তেজনা বেড়েছে। ব্রিটিশ সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো এখন ইরানের নিরাপত্তা আইনের নজরদারির আওতায় এল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন