Advertise top
বিদেশ

সুইডেনে নির্বাচনে ডান-বামের ব্যবধান ০.১ শতাংশ

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ এএম    

সুইডেনে নির্বাচনে ডান-বামের ব্যবধান ০.১ শতাংশ
ফল ঘোষণার অপেক্ষায় সুইডিশরা। ছবি: সংগৃহীত

সুইডিশ সাধারণ নির্বাচনে বামপন্থী ও ডানপন্থী জোটের মধ্যে ভোটের ব্যবধান এক আসনেরও কম। সেক্ষেত্রে আগামী সপ্তাহের আগে পুরো ফল জানা যাচ্ছে না।

 

এ নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের চার দলীয় ডানপন্থী জোট ও সাবেক প্রধানমন্ত্রী মাগদালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন বামপন্থী বিরোধী জোটের মধ্যে ভোটের লড়াই এতটাই কাছাকাছি গিয়ে ঠেকেছে। 

 

সুইডিশ সম্প্রচারমাধ্যম এসভিটি জানায়, সুইডিশ সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর রাতের সর্বশেষ প্রক্ষেপণে ৩৪৯ আসনের পার্লামেন্টে বিরোধী জোট মাত্র একটি আসনে এগিয়ে ছিল — ১৭৫টি বনাম সরকারি জোটের ১৭৪টি আসন।

 

এর আগে সন্ধ্যায় প্রকাশিত এক্সিট পোলে বিরোধীদের এগিয়ে থাকার আভাস মিলেছিল আরও স্পষ্টভাবে। রাষ্ট্রীয় সম্প্রচারক এসভিটির এক্সিট পোলে বামপন্থী দলগুলো পেয়েছিল ৫১.৩ শতাংশ ভোট, ডানপন্থী জোট পেয়েছিল ৪৬.৮ শতাংশ। বেসরকারি চ্যানেল টিভি৪-এর জরিপেও একই প্রবণতা দেখা গিয়েছিল। কিন্তু প্রকৃত ভোট গণনা শুরুর সঙ্গে সঙ্গে সেই ব্যবধান দ্রুত কমতে থাকে।

 

সংবাদ সংস্থা এপি জানায়, দুই-তৃতীয়াংশ ভোট গণনার পর দুই জোট প্রায় সমানে সমান অবস্থানে চলে আসে। এসভিটির হালনাগাদ হিসাব অনুযায়ী, সামাজিক গণতন্ত্রী দল (এস) একক দল হিসেবে সর্বোচ্চ ২৭.৬ শতাংশ ভোট পেয়েছে, এরপর মডারেট পার্টি ২০ শতাংশ ও কট্টর ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটস ১৭.৫ শতাংশ ভোট পেয়েছে।

 

গার্ডিয়ানের সরাসরি প্রতিবেদন অনুযায়ী, দুই জোটের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে মাত্র ০.১ শতাংশ পয়েন্টে, যা প্রায় ২০ হাজার ভোটের সমান। নির্বাচন কর্তৃপক্ষও নিজস্ব হিসাবে বিরোধী জোটকে এক আসনে এগিয়ে রেখেছে। উপ-প্রধানমন্ত্রী এবা বুশ সতর্ক করে বলেন, ফল নিয়ে অনিশ্চয়তা বুধবার, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত থাকতে পারে এবং প্রতিটি ভোট গণনা করতে হবে।

 

এই নির্বাচনে মূল আলোচ্য বিষয় ছিল কট্টর ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটসের সরকারে প্রবেশের সম্ভাবনা। নব্য-নাৎসি আন্দোলন থেকে উদ্ভূত এই দলটি ২০২২ সালের নির্বাচনে ২০.৫ শতাংশ ভোট পেয়ে ডানপন্থী শিবিরের বৃহত্তম দলে পরিণত হয়েছিল এবং তখন থেকে সরকারকে বাইরে থেকে সংসদীয় সমর্থন দিয়ে আসছে। ক্রিস্টারসন আগে ঘোষণা দিয়েছিলেন, ডানপন্থী জোট জয়ী হলে দলটিকে প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। তবে গার্ডিয়ান জানায়, বিরোধীদের এগিয়ে থাকার প্রবণতা বহাল থাকলে সেই সম্ভাবনা কমে যাবে।

 

জার্মানিতে সপ্তাহখানেক আগে এক আঞ্চলিক নির্বাচনে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি ৪৪ শতাংশ ভোট পেয়ে রাজ্য পর্যায়ে ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। যা ইউরোপজুড়ে কট্টর ডানপন্থীদের উত্থানের প্রেক্ষাপটে সুইডেনের নির্বাচনকে বাড়তি গুরুত্ব দিয়েছে। আল জাজিরা জানায়, বিরোধীরা জয়ী হলে তা ইউরোপের বামপন্থী দলগুলোর জন্য কিছুটা স্বস্তির খবর হতে পারে।

 

নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসী ভোটারদের কিছু ব্যালট বুধবার, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত গণনা করা হবে না, যার সংখ্যা দুই জোটের বর্তমান ব্যবধানের চেয়েও বেশি হতে পারে। প্রায় ৮০ লাখ যোগ্য ভোটার এবারের নির্বাচনে ভোট দিয়েছেন।

 

সূত্র: আল জাজিরা, দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), দ্য গার্ডিয়ান, এসভিটি


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal