Advertise top
শিক্ষা

২ কলেজে ৭ শিক্ষার্থীর শিক্ষক ২৪; পাশ করেনি কেউ

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম    

২ কলেজে ৭ শিক্ষার্থীর শিক্ষক ২৪; পাশ করেনি কেউ
পিরোজপুর সদরের কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। বরিশাল নিউজ ডটকম

পিরোজপুরের দুই প্রতিষ্ঠানের কলেজ শাখা থেকে এবার এইচএসসি দেওয়া সাতজনের কেউ পাস করেননি। কর্তৃপক্ষ বলছে, এমপিওভুক্তি না হওয়াই বড় বাধা।

 

ফল শূন্য হয়েছে নাজিরপুরের দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং সদরের কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজে। দুই প্রতিষ্ঠানে মোট শিক্ষক ২৪ জন। এবার ফরম পূরণ করেন আটজন। পরীক্ষায় বসেন সাতজন।

 

দীঘিরজানের কলেজ শাখা ২০১৪ সালে পাঠদানের অনুমতি পায়। এ শাখায় ২০২৩ সালে ৩৯ জনের মধ্যে ১৮ জন এবং ২০২৪ সালে ২৭ জনের মধ্যে ১৩ জন পাস করেন। পরের বছর ১৫ জনের মধ্যে পাস করেন মাত্র পাঁচজন। এবার মানবিক বিভাগের পাঁচ পরীক্ষার্থীর কেউ পাস করেননি। কদমতলার কলেজ শাখা অনুমতি পায় ২০২৩ সালে। সেখানে এবার অংশ নেওয়া দুজনই অকৃতকার্য।

 

কদমতলার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান জানান, এ বছর নতুন কেউ ভর্তি হয়নি। কলেজ শাখার জন্য বিষয়ভিত্তিক শিক্ষকও নেই। স্কুলের শিক্ষকরাই কলেজে পড়ান। এমপিওভুক্ত হলে শিক্ষক নিয়োগ সম্ভব হবে বলে তার মত। দীঘিরজানের শিক্ষক সুমন বিশ্বাস জানান, নন-এমপিও হওয়ায় শিক্ষকরা সরকারি বেতন-ভাতা পান না।

 

বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন জানান, ফল খারাপ করা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে জেলাভিত্তিক সভা হবে। শূন্য পাস করা প্রতিষ্ঠানের বেশির ভাগই নন-এমপিও। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, অন্যগুলোর কার্যক্রম পর্যালোচনা করে সমাধানে যাওয়া হবে।

 

জেলায় এইচএসসির পাসের হার ২০২৪ সালে ছিল ৮৩ দশমিক ৩৩ শতাংশ। এবার তা নেমেছে ৫১ দশমিক ৫৫ শতাংশে, যা ২০০৯ সালের পর সর্বনিম্ন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal