Advertise top
ধর্ম

২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী পালনের সিদ্ধান্ত

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২১ আগষ্ট ২০২৬, ০৩:১০ পিএম    

২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী পালনের সিদ্ধান্ত
সরকারের পক্ষথেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।-ফাইল ছবি

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী ২৬ আগস্ট সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে বরিশালসহ সারাদেশে সরকারি নানা কর্মসূচি পালনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ আলোচনার আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন নগরী ও শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং সড়কগুলো কালিমা তাইয়্যিবাসহ নানা ব্যানার ও জাতীয় পতাকায় সজ্জিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি থাকবে এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ অন্যান্য গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

 

শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ দিনটিতে বিশেষ কর্মসূচি পালন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ, ইসলামের শান্তি, সহিষ্ণুতা ও বিশ্বভ্রাতৃত্বের বাণীর ওপর গুরুত্ব দিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

 

বরিশাল অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও এই নির্দেশনা অনুযায়ী বিভাগীয় ও স্থানীয় পর্যায়ের কর্মসূচি সমন্বয়ের প্রস্তুতি চলছে।

 

মসজিদে প্রার্থনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

দিবসটি পালনে সারাদেশের সব বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন এবং সিটি করপোরেশন ও পৌরসভার উদ্যোগে পৃথক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বরিশালসহ দেশের ছোট-বড় সকল মসজিদে মহানবীর জীবন নিয়ে আলোচনার পাশাপাশি বিশেষ মোনাজাত পরিচালনা করা হবে।

 

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে ওয়াজ মাহফিল, সেমিনার, কিরাত ও হামদ-নাত প্রতিযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রান্তে প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী ইসলামিক বইমেলার পরিকল্পনা রয়েছে।

 

সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান পৃথক বাণী প্রদান করবেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal