বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ আগষ্ট ২০২৬, ০৯:২৮ পিএম

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের খসড়া আইনে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সোমবার, ১৭ আগস্ট এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
নতুন ইউনিটের কাঠামো
খসড়া আইন অনুযায়ী, র্যাব বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি প্রতিষ্ঠা করা হবে। এর সদর দপ্তর থাকবে ঢাকায়, প্রয়োজনে সরকারের অনুমোদন সাপেক্ষে দেশের অন্যত্রও ইউনিট স্থাপন করা যাবে। ইউনিটের প্রধান হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে মহাপরিচালক হিসেবে নিয়োগের বিধান রাখা হয়েছে।
র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে হস্তান্তরের বিধানও খসড়া আইনে রাখা হয়েছে। নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত র্যাব-সংক্রান্ত বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল থাকবে।
অভিযোগ প্রতিকার কমিটি
নাগরিকদের অভিযোগ এবং এসআরবি সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির জন্য নতুন আইনে একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে ইউনিটের কার্যক্রম নিয়ে নাগরিকদের অভিযোগ এবং সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ—উভয়ই নিষ্পত্তির একটি কাঠামো তৈরি হবে।
পটভূমি
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনমতের জন্য এমাসের চার তারিখে এসআরবি আইনের খসড়া নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছিল। এর আগে গুম-সংক্রান্ত তদন্ত কমিশনসহ বিভিন্ন মহল থেকে র্যাব বিলুপ্তির সুপারিশ এসেছিল। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর খসড়া আইনটি এখন জাতীয় সংসদে উত্থাপিত হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন