বরিশাল নিউজ
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৯:৩৯ পিএম আপডেট : ২২ মে ২০২৬, ০৯:৫৯ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাদের নামে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করে কেন্দ্রীয় ছাত্রদল।
২১ মে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুইজনকে বহিস্কার হরার কথা জানানো হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন গতকাল এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় একটি সূত্র জানায়, ভোলা–বরিশাল মহাসড়কে চিংড়ি ও জাটকা ইলিশবাহী মাইক্রোবাস ও পিকআপ আটকে চাঁদাবাজি, গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পটুয়াখালী থেকে আসা চিংড়ির রেণুবাহী একটি মাইক্রোবাস বরিশাল জিরো পয়েন্ট থেকে ধাওয়া করে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভোলা রোডে নিয়ে আটক করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। পরে গাড়ির চালক ও সহকারীকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মেরিন একাডেমির নির্মাণাধীন ভবনে নিয়ে মারধর করা হয়। ভয়ভীতি দেখিয়ে রেণুর মালিককে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এ সময় জীবন বাঁচাতে বিকাশের তিনটি নম্বরে ৯৫ হাজার টাকা ও নগদ পাঁচ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা দিয়ে ছাড়া পান তাঁরা।
এর কিছুক্ষণ পর চিংড়ি রেণুবাহী আরেকটি মাইক্রোবাস বিশ্ববিদ্যালয়সংলগ্ন জিরো পয়েন্টে থামার সংকেত পেলে চালক দ্রুত গাড়িটি নিয়ে রূপাতলীর দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মো. আরাফাত নামের ছাত্রদলের এক কর্মী আহত হন। পরে ছাত্রদলের নেতা–কর্মীরা ওই মাইক্রোবাসের পিছু নেন। গাড়িটি রূপাতলী ট্রাফিক পুলিশ বক্সের কাছে পুলিশের টহল গাড়ির সামনে এসে দাঁড়ালে ছাত্রদলের সাত থেকে আট নেতা–কর্মী পুলিশের সামনেই মাইক্রোবাসের চালক ও সহকারীকে মারধর করেন। এতে চালক ও সহকারী গুরুতর আহত হন। এ সময় মাইক্রোবাসটির গ্লাস ও অন্যান্য অংশ ভাঙচুর করা হয়।
এর আগে ২৯ জানুয়ারি রাতে জাটকা ইলিশবাহী গাড়ি আটকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে চালককে মারধরের অভিযোগও রয়েছে।
উল্লেখ্য, ১ মে মোশাররফ হোসেনকে সভাপতি ও আরিফ হোসাইনকে (শান্ত) সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১২৭ সদস্যের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন