বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন । মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
সংসদীয় দলের বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করছে।
বিএনপি সর্বশেষ ২০০১ সালে সরকার গঠন করেছিল। খালেদা জিয়ার নেতৃত্বে ওই চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হয় ২০০৬ সালের ২৮ অক্টোবর।
এবারের নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলে বিএনপি ২০৯টি আসন এবং তার মিত্ররা পেয়েছে ৩টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে ৬৮টি আসনে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং অন্য শরিকেরা আরও ৩টি আসন পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন