Advertise top
অর্থনীতি

প্রবৃদ্ধি আরও কিছুদিন কম থাকতে পারে: অর্থমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম    

প্রবৃদ্ধি আরও কিছুদিন কম থাকতে পারে: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী । সংগৃহীত

জ্বালানি, গ্যাস ও সারের আমদানি ব্যয় বাড়ায় আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

 

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে রবিবার, ২৯ নভেম্বর পরিকল্পনা কমিশনের কর্মশালায় এ কথা বলেন। পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো নিয়ে কর্মশালাটির আয়োজন করে জিইডি।

 

মন্ত্রী বলেন, সরকার এখন অর্থনীতি পুনরুদ্ধারের পর্যায়ে আছে। বেশি দামে তেল, গ্যাস ও সার কিনতে হওয়ায় কোষাগারে বাড়তি চাপ পড়ছে। আমদানির মাধ্যমে আসা মূল্যস্ফীতি সরকারের নিয়ন্ত্রণে নেই। অভ্যন্তরীণ বাজারে চাপ কমাতে কয়েকটি নিত্যপণ্যের শুল্ক কমানো হয়েছে।

 

তিনি বলেন, সরকারের প্রথম বছর কঠিন হবে। চতুর্থ ও পঞ্চম বছরকে ঘুরে দাঁড়ানোর সময় হিসেবে দেখতে চান তিনি।

 

ব্যাংক খাত নিয়ে অর্থমন্ত্রী বলেন, আমানতকারীদের আস্থা ফেরানোই এখন বড় অগ্রাধিকার। তার ভাষ্য, আমানতের অর্থ কেটে রাখা হবে না। এখন ব্যাংকগুলোতে নিট আমানত বাড়ছে।

 

পুঁজিবাজারে নতুন স্বাধীন কমিশন গঠনের কথা জানান তিনি। ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ১৭টি বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন বলেও উল্লেখ করেন। প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত সম্পদ প্রায় ৩৬ ট্রিলিয়ন মার্কিন ডলার।

 

পরিসংখ্যান ব্যুরোকে সরকারের প্রভাবমুক্ত থেকে সঠিক তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। উন্নয়ন প্রকল্প বাছাইয়ে অর্থের সঠিক ব্যবহার, অর্থনৈতিক সুফল, কর্মসংস্থান ও পরিবেশের প্রভাব বিবেচনা করা হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। সভাপতিত্ব করেন জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal