Advertise top
অর্থনীতি

মার্কিন শুল্ক আরও বাড়ার আশঙ্কা বাংলাদেশে

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম    

মার্কিন শুল্ক আরও বাড়ার আশঙ্কা বাংলাদেশে
মার্কিন শুল্ক। প্রতীকী ছবি

অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে বাংলাদেশসহ ১৪ দেশের ওপর ব্যবস্থার প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়।

 

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় সিদ্ধান্ত নিয়েছেন, এসব দেশের নীতি ও কর্মকাণ্ড অযৌক্তিক। এগুলো মার্কিন বাণিজ্যের ওপর বোঝা তৈরি করছে বলে তার কার্যালয়ের (ইউএসটিআর) ভাষ্য। বাংলাদেশ সময় বুধবার, ২৫ নভেম্বর রাতে প্রস্তাবটি আসে। শুল্ক বসানোর আগে শুনানিসহ আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। কবে শুল্ক কার্যকর হবে, তা মার্কিন প্রশাসন জানায়নি।

 

গত মার্চ থেকে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়া খাত নিয়ে তদন্ত চলছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা একাধিকবার শুনানিতে অংশ নেন। তদন্ত শেষে ইউএসটিআর বাংলাদেশ নিয়ে আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে।

 

বাংলাদেশের পণ্যে এখন গড়ে ১৫ শতাংশ মার্কিন শুল্ক রয়েছে। জুলাইয়ে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য নিষিদ্ধের নিয়ম কার্যকর না করার অভিযোগে আরও ১০ শতাংশ বসানো হয়। ফলে মোট শুল্ক এখন ২৫ শতাংশ। নতুন শুল্ক বসলে তা এর সঙ্গে যুক্ত হবে।

 

সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, নতুন শুল্কে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে। শুল্ক বসলে মার্কিন আমদানিকারকেরা তা বাংলাদেশি রপ্তানিকারকদের ওপর চাপাতে চাইবেন বলেও তিনি মনে করেন। বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক বলেন, এমনিতেই সিমেন্ট শিল্পে শুল্ক-কর বেশি। নতুন শুল্কে চাপ আরও বাড়বে।

 

রয়টার্সের বরাতে প্রথম আলো জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টে বাতিল হওয়া শুল্কের একটি অংশের বিকল্প হিসেবে এটি আসছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal