Advertise top
অর্থনীতি

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ, ভোগান্তি চরমে

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম    

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ, ভোগান্তি চরমে

গোপালগঞ্জে কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী , শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সাধারণ গ্রাহক। জরুরি প্রয়োজনে টাকা তুলতে কিংবা স্বজনদের কাছে টাকা পাঠাতে না পেরে অনেকেই ফিরে যাচ্ছেন এজেন্টের দোকান থেকে। গতকাল বুধবার রাত থেকে এই ভোগান্তির শুরু।

 

ভোগান্তির শিকার কয়েকজন গ্রাহকের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিন তাদের প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সকালে জেলার বিভিন্ন এলাকায় বিকাশ, রকেট, নগদ ও উপায় এজেন্টের দোকান থেকে গ্রাহকরা টাকা না পেয়ে ফিরে গেছেন। এদের মধ্যে ফুটপাতের চা বিক্রেতা আরিফুল জানায়, ধানের বীজ কেনার জন্য বাবার কাছে টাকা পাঠাতে গিয়ে সে দেখতে পায় তার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ। তাদের বীজ কেনার জন্য প্রায় সাত হাজার টাকা দরকার। এখন টাকা পাঠাতে না পারলে সময়মতো বীজ কিনতে ও বীজতলা তৈরি করতে পারবে না।

দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী পবিত্র বিশ্বাস জানান, তার ছেলে ঢাকায় থেকে পড়াশোনা ও জীবনযাপন করছে। রাতে ফোন করে ছেলে মেসের খাবারের বিল পরিশোধের জন্য টাকা চায়। সকালে টাকা পাঠাতে গিয়ে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ রয়েছে বলে মোবাইল মেসেজ দেখি।

 

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যারা কোনো ধরনের আন্দোলন বা কর্মসূচির সঙ্গে জড়িত নন, তাদেরও এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক নয়।

 

চৌরঙ্গী রোডের এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রয়োজনে যেসব নম্বরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সেগুলো যাচাই করে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের যেন ভোগান্তিতে পড়তে না হয়।

 

সদর উপজেলার বনগ্রামের কৃষক শাহজাহান চৌধুরী বলেন, আমরা দিনমজুরি ও কৃষিকাজ করে সংসার চালাই। জরুরি প্রয়োজনে টাকা লেনদেন করতে না পারলে আমাদের মতো মানুষেরই বেশি সমস্যা হয়।

 

এদিকে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এজেন্ট ব্যবসায়ীরাও। বিকাশ এজেন্ট বুলবুল মোল্লা বলেন, আজ সারা দিনে ব্যবসা অনেক কম হয়েছে। জেলার অধিকাংশ বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ থাকায় গ্রাহক আসছেন কম। ফলে আমাদের আয়-রোজগারও কমে গেছে। বিকাশের পাশাপাশি নগদ, উপায় ও রকেটের কিছু অ্যাকাউন্টেও লেনদেনের সমস্যা হচ্ছে।

 

বিকাশ-এর এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব বলেন, কোনো এজেন্ট নম্বর বন্ধ হয়নি। তবে গোপালগঞ্জের এনআইডি কার্ড দিয়ে যেসব অ্যাকাউন্ট খোলা হয়েছে সেসব অধিকাংশ অ্যাকাউন্টে এ ধরনের সমস্যা হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal