বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

শ্রমিক অসন্তোষ ও ব্যয় বৃদ্ধির কারণে নভেম্বরের প্রথম ১৮ দিনে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তিন কারখানা মালিক রয়টার্সকে জানান, জারা, এইচঅ্যান্ডএম, এম অ্যান্ড এস ও সেলিওর মতো ব্র্যান্ড অর্ডার সরিয়েছে। বেশির ভাগ অর্ডার গেছে ভারতে। মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ সরে গেছে বলে তাদের দাবি।
বিজিএমইএর হিসাবে, অস্থিরতায় উৎপাদন ক্ষতি ৪০ কোটি ডলার ছাড়িয়েছে। সংগঠনটির পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী জানান, ক্রেতারা এখন দামের চেয়ে সময়মতো সরবরাহকে গুরুত্ব দিচ্ছেন। ভারতে সরবরাহে প্রায় এক সপ্তাহ, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ১৫ দিন পর্যন্ত কম সময় লাগে। প্রতিযোগী দেশে ৬০ থেকে ৯০ দিনে কাজ শেষ হলেও বাংলাদেশে লাগে প্রায় ১২০ দিন।
গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি বুধবার, ২৫ নভেম্বর ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়। শ্রমিকরা মজুরি দ্বিগুণের বেশি করার দাবি করছিলেন। ফলে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষ হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার জানান, সব শ্রমিক শনিবার, ২৮ নভেম্বর থেকে কাজে ফিরবেন বলে তিনি আশা করছেন।
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে জ্বালানি ঘাটতিও উৎপাদনে বাধা হয়ে দাঁড়িয়েছে। মহিউদ্দিন চৌধুরীর সতর্কবার্তা, ‘‘ক্রেতাদের হাতে বিকল্প আছে। অস্থিরতা থাকলে তারা অপেক্ষা করবে না।’’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন