Advertise top
শিক্ষা

মডেল স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি ফিরছে

বরিশাল নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম    

মডেল স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি ফিরছে
বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। ফাইল ছবি

অভিভাবকদের আন্দোলন ও কমিটির সুপারিশের পর বরিশাল সরকারি মডেল স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি চালুর নির্দেশ দিয়েছে মাউশি।

 

এক বছর বন্ধ থাকার পর বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণিতে ভর্তি আবার চালু হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর এ নির্দেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক তপন কুমার সাহা শনিবার, ২৮ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, নির্দেশনায় নগরীর সবাই খুশি। সিটি প্রশাসক ও সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিরাও ভর্তি চালুর দাবি জানিয়েছিলেন।

 

প্রতিষ্ঠানে ২০১৩ সালে তৃতীয় থেকে দশম শ্রেণির পাঠদান শুরু হয়। ২০২৩ সালের ২৭ আগস্ট একাডেমিক কাউন্সিলের সভায় ২০২৬ শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণিতে ভর্তি বন্ধের সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদিত ৩২টি পদের ২৭টিই শূন্য ছিল। নিয়মিত শিক্ষক ছিলেন পাঁচজন। আমন্ত্রিত শিক্ষক ছিলেন ১৪ জন। সরকারি প্রতিষ্ঠানে রূপান্তরের পর সেশন চার্জ নেওয়ার সুযোগ না থাকায় তাদের বেতন নিয়েও সংকট দেখা দেয়।

 

অভিভাবকদের একটি অংশের অভিযোগ, সরকারের লিখিত নির্দেশনা ছাড়াই ভর্তি স্থগিত করা হয়েছিল। তারা ৩ নভেম্বর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এরপর সাত সদস্যের একটি কমিটি বিষয়টি পর্যালোচনা করে। অধ্যক্ষ ২৪ নভেম্বর কমিটির সুপারিশসহ প্রতিবেদন অধিদপ্তরে জমা দেন।

 

কয়েকজন অভিভাবক সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন ও প্রভাষক মুহাম্মদ মাসুম বিল্লাহর বিরুদ্ধে আদেশ বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন। দুজনের বক্তব্য পাওয়া যায়নি।

 

তৃতীয় শ্রেণিতে আসন ১১০টি। বালক ও বালিকার জন্য আসন ৫৫টি করে। দুই শাখায় পাঠদান হবে। ভর্তির তারিখ এখনো জানা যায়নি। গত বছর প্রতিষ্ঠানের ৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ২৭ জন বৃত্তি পায়। অভিভাবকেরা দ্রুত ভর্তি বিজ্ঞপ্তি, শিক্ষক নিয়োগ ও অবকাঠামো সংকটের সমাধান চান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal