বরিশাল নিউজ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

মুখোমুখি সংঘর্ষ ও চালকের নিয়ন্ত্রণ হারানোয় বরিশাল বিভাগে তিন দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন।
গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের সাউদের খালপাড় ব্রিজ এলাকায় শুক্রবার, ২৭ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেসের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর বরিশাল এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে আলমগীর হোসেন ও রুবেল সরদারের ঘরের ওপর উল্টে পড়ে। ঘর দুটি ক্ষতিগ্রস্ত হলেও বাসিন্দারা আগেই সরে যাওয়ায় কেউ হতাহত হননি। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গৌরনদী মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উজিরপুরের আটিপাড়ায় একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী সিদ্দিকুর রহমান (৭৫) ঘটনাস্থলেই মারা যান। চালক রাহাত সরদার (২৫) গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।
এর আগে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে ঝালকাঠির নলছিটিতে বাঁশবোঝাই একটি ট্রলি উল্টে যায়। ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলির মালিক ফোরকান গাজী (৩৫) নিচে চাপা পড়ে মারা যান। আহত দুজনকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন