Advertise top
গণমাধ্যম

জুলাই বিষয়ে সংবাদ প্রকাশ; পটুয়াখালীতে সাংবাদিককে মারধর-মামলা

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম    

জুলাই বিষয়ে সংবাদ প্রকাশ; পটুয়াখালীতে সাংবাদিককে মারধর-মামলা
আহত সাংবাদিক গোপাল হালদার । সংগৃহীত

পটুয়াখালীতে সাংবাদিক গোপাল হালদার মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন। পরদিন একটি ভিডিও নিয়ে তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
 

কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি গোপাল হালদারকে মারধর ও প্রকাশ্যে জুতাপেটার অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। 

 

পটুয়াখালী শহরের বড় চৌরাস্তায় মঙ্গলবার, ২৪ নভেম্বর রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে গোপালকে ঘিরে ধরতে এবং সংগঠনের জেলা কমিটির এক নেত্রীকে জুতা দিয়ে আঘাত করতে দেখা যায়। গোপাল এখন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

গোপাল জানান, ঘটনার সময় তিনি একটি চায়ের দোকানে বসে ছিলেন। সংগঠনের জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের নির্দেশে কয়েকজন তাকে টেনেহিঁচড়ে সড়কে নিয়ে যান বলে তার অভিযোগ। সেখানে কিল-ঘুষি ও লাঠি দিয়ে তাকে আঘাত করা হয়। অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নেন। তার দাবি, মাথা ফুলে গেছে এবং পায়ের হাড় ভেঙেছে।

 

গোপাল আরও জানান, ২০২৫ সালের ৬ আগস্ট কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে তার একটি প্রতিবেদন ছাপা হয়। ‘জুলাই শহীদ ও আহতদের তালিকায় ভুয়া নাম’ শিরোনামের ওই প্রতিবেদনে মিরাজের বিরুদ্ধে ভুয়া সনদে গেজেটে নাম তোলার অভিযোগ ছিল। এরপর থেকে মিরাজ ও তার সংগঠনের কর্মীরা ক্ষুব্ধ ছিলেন বলে গোপালের দাবি। হুমকি পেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন।

 

গোপালের ভাষ্য, সংগঠনের এক নেত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার খবর যাচাই করতে তিনি এক সহকর্মীকে পাঠিয়েছিলেন। ভিডিওটি কে ছড়িয়েছেন বা সেটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কি না, তা তিনি জানেন না।

 

মামলার বাদী সংগঠনের ওই নেত্রীর অভিযোগ, গোপাল সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিলেন। ২২ নভেম্বর রাতে মেসেঞ্জারে তাকে একটি সম্পাদিত অশ্লীল ভিডিও পাঠানো হয় বলে তিনি দাবি করেন। এ নিয়ে জানতে চাইলে গোপাল তার ওপর হামলা করেন বলে বাদীর অভিযোগ। তাকে রক্ষা করতে গিয়ে মারুফ হাসান নামে একজন আহত হন বলেও তিনি দাবি করেন।

 

মিরাজ ইমতিয়াজ বলেন, জুলাই আন্দোলনে আহত হওয়ার পর তিনি সরকারি সহায়তার জন্য আবেদন করেছিলেন। পরে প্রজ্ঞাপনে তার নাম জুলাই যোদ্ধা হিসেবে আসে এবং এখন তিনি ভাতা পাচ্ছেন। গোপালের প্রতিবেদনকে তিনি মিথ্যা বলেন। এক নারী জুলাই যোদ্ধার আপত্তিকর এআই ভিডিও ছড়ানোর প্রতিবাদেই তারা কর্মসূচি করেছেন বলে জানান তিনি।

 

এদিকে বুধবার, ২৫ নভেম্বর বিকেল ৪টার দিকে একই স্থানে গোপালের গ্রেপ্তার ও বিচার চেয়ে মানববন্ধন হয়। ধর্ষণ প্রতিরোধ মঞ্চ পটুয়াখালী জেলা শাখা এর আয়োজন করে। কর্মসূচিতে ছাত্রশক্তির ওই নেত্রীকে নিয়ে অশ্লীল এআই ভিডিও ছড়িয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ তোলা হয়।

 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এক নারী জুলাই যোদ্ধা সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন। সাংবাদিকের পরিবারও অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, “একই ঘটনায় পাল্টাপাল্টি মামলা হতে পারে। সে ক্ষেত্রে উভয় মামলারই তদন্ত করা হবে।”


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal