Advertise top
ভোলা

ভোলায় আইসিইউ দাবিতে অনশন ভাঙল যুবকরা

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম    

ভোলায় আইসিইউ দাবিতে অনশন ভাঙল যুবকরা
ভোলায় জেলা প্রশাসক যুবকদের জুস পান করিয়ে অনশন ভাঙাচ্ছেন। বরিশাল নিউজ ডটকম

ভোলা সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালুর আশ্বাস পেয়ে আমরণ অনশন তুলে নিয়েছেন আন্দোলনকারী যুবকরা।

 

হাসপাতালে আইসিইউ ও সিসিইউ স্থাপনসহ চার দফা দাবিতে টানা ২৮ দিন আন্দোলন চালান নয়ন খানসহ কয়েকজন যুবক। এরপর মঙ্গলবার, ২৪ নভেম্বর তারা আমরণ অনশনে বসেন। অনশনে দুজন অসুস্থ হয়ে পড়েন।

 

বিষয়টি জানতে পেরে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বেলাল হোসেনের মাধ্যমে অনশনকারীদের খোঁজ নেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। পরে তিনি তাদের সঙ্গে কথা বলে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

 

জেলা প্রশাসক জানান, দাবি বাস্তবায়নে সরকারের কাছে যথাযথ নিয়মে আবেদন করা হয়েছে এবং আশ্বাসও মিলেছে। অল্প সময়ের মধ্যে আইসিইউ ও সিসিইউ চালু হবে বলে তিনি আশা করেন। চিকিৎসক ও নার্স নিয়োগ এবং হাসপাতালের অব্যবস্থাপনা নিয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

আশ্বাসে সন্তুষ্ট হয়ে অনশনকারীরা কর্মসূচি তুলে নিতে রাজি হন। বুধবার, ২৫ নভেম্বর রাতে জেলা প্রশাসক, সিভিল সার্জন ডা. মোঃ মুনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরাফাতুর রহমান তাদের জুস পান করান। এর মধ্য দিয়েই অনশন ভাঙে।

 

অনশনকারী নয়ন খান, রাকিব পালোয়ান, তানজীল শরীফ ও ইয়ামিন বলেন, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আশ্বাসের ভিত্তিতে তারা অনশন প্রত্যাহার করেছেন। ভোলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে তাদের এ আন্দোলন মাইলফলক হয়ে থাকবে বলে আশা করেন তারা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal