বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশের ২ লাখ ৫৬ হাজার ৭৪ ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে মাসিক সম্মানী দিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জানান, ধর্মীয় নেতাদের আর্থিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতেই এ উদ্যোগ। চলতি অর্থবছরে ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠান এর আওতায় আসছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে মসজিদ ৮২ হাজার ৬৫৬টি, মন্দির তিন হাজার, বৌদ্ধ বিহার ৭৫২টি ও গির্জা ৩০১টি। এ খাতে ২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ১১০০ কোটি টাকা।
নির্ধারিত কাঠামোয় মসজিদের ইমাম মাসে পাঁচ হাজার টাকা পাবেন। মুয়াজ্জিনের সম্মানী তিন হাজার এবং খাদেমের দুই হাজার টাকা। মন্দির, গির্জা ও বিহারের দায়িত্বশীলরাও সরকারি সহায়তা পাবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এরপর গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ ডিসেম্বর, সুনামগঞ্জে ১২ ডিসেম্বর এবং পাবনায় ২১ ডিসেম্বর ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেবেন তিনি।
পাইলট পর্যায়ে ১৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তখন ৬ হাজার ১৭টি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সুবিধাভোগী হিসেবে যুক্ত হন।
সম্মানী নগদে দেওয়া হবে না। এমআইএস সফটওয়্যারের মাধ্যমে জি-টু-পি পদ্ধতিতে ব্যাংক হিসাব বা মোবাইল আর্থিক সেবায় টাকা পাঠানো হবে। উপদেষ্টা জানান, এতে মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না।
দেশে মোট ধর্মীয় প্রতিষ্ঠান ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি। এর এক-চতুর্থাংশ এ বছর আসছে, বাকিগুলো আসবে আগামী চার অর্থবছরে। প্রত্যন্ত এলাকার কোনো প্রতিষ্ঠান যেন বাদ না পড়ে, সে জন্য মাঠপর্যায়ের তদারকি জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন