বরিশাল নিউজ
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

দক্ষিণাঞ্চলের নারীদের কারিগরি শিক্ষার সুযোগ বাড়াতে বরিশালে প্রথম সরকারি মহিলা পলিটেকনিকে ভর্তি শুরু হয়েছে।
বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দায় পরেশ সাগর মাঠসংলগ্ন প্রায় ৩ একর ১৮ শতাংশ জমিতে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫৫ কোটি টাকা। প্রকল্পটি শুরু হয় ২০২০-২১ অর্থবছরে।
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও আর্কিটেকচার টেকনোলজি বিভাগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভর্তিচ্ছুকদের এসএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে। সাধারণ বা উচ্চতর গণিতে অন্তত জিপিএ ২.০০ লাগবে।
মূল্যায়ন হবে ১০০ নম্বরের। এর মধ্যে এমসিকিউ পরীক্ষা ৭০ নম্বরের এবং এসএসসি জিপিএর ছয় গুণ হিসেবে ৩০ নম্বর। এমসিকিউতে গণিতে ২০ এবং বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও আইকিউতে ১০ করে নম্বর রয়েছে।
আবেদনের সময় লাগবে এসএসসির নম্বরপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, অনলাইন আবেদনপত্র ও প্রবেশপত্রের কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জন্মনিবন্ধন বা এনআইডির কপি এবং ফি জমার রসিদ।
প্রকল্পের আওতায় ছয়টি বহুতল ও একটি একতলা ভবন হয়েছে। এর মধ্যে রয়েছে একাডেমিক, প্রশাসনিক ও ওয়ার্কশপ ভবন, ২০০ আসনের চারতলা ছাত্রীনিবাস, শিক্ষক ডরমেটরি, স্টাফ কোয়ার্টার, অধ্যক্ষের বাসভবন, শহীদ মিনার ও নিজস্ব বিদ্যুৎ সাবস্টেশন। বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানান, মূল অবকাঠামোর কাজ শেষ। লিফট স্থাপনসহ বাকি কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করে হস্তান্তর করা হবে।
প্রতিষ্ঠানের শিক্ষক সুমন হোসেন জানান, এখন ৪৮ শিক্ষার্থী নিয়ে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলছে। ল্যাবের সরঞ্জাম পৌঁছালেও ভবনের কিছু কাজ বাকি। তাই একাডেমিক ভবনের নিচতলায় ব্যবহারিক ক্লাস নেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সামসুন নাহার বলেন, শিক্ষক ও কর্মচারীদের স্থায়ী পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে। তাই আপাতত সংযুক্তির মাধ্যমে পাঠদান হচ্ছে। জনবল ও পূর্ণাঙ্গ ল্যাব পেলে প্রতিষ্ঠানটি দক্ষিণাঞ্চলের নারীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী আগামী শিক্ষাবর্ষে সিভিল টেকনোলজি ও অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বিভাগ চালুর পরিকল্পনা আছে। তখন চার বিভাগে ২০০ শিক্ষার্থী পড়ার সুযোগ পাবেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন