Advertise top
রাজনীতি

মুলাদীতে ছাত্রলীগের ২ সাবেক নেতা কারাগারে

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম    

মুলাদীতে ছাত্রলীগের ২ সাবেক নেতা কারাগারে
বরিশালের মুলাদী থানা। ফাইল ছবি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বরিশালের মুলাদীতে ছাত্রলীগের দুই সাবেক নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

 

আবু সায়েম (৪৫) ও মুরাদ মল্লিককে (৩৫) পৃথক অভিযানে গ্রেপ্তার করে পুলিশ। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এই দুই সাবেক নেতাকে মুলাদী সদর ইউনিয়নের বাংলাবাজার ও পৌরসভার তেরচর এলাকা থেকে বুধবার, ২৫ নভেম্বর রাতে ধরা হয়।

 

আবু সায়েম খালাশিরচর গ্রামের ইস্কান্দার আলীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি এখন মুলাদী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। পুলিশ তাকে রাত সাড়ে ৭টার দিকে খালাশিরচর বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

 

মুরাদ মল্লিক পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আব্দুস সোবাহান মল্লিকের ছেলে। তিনি পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন এবং বর্তমানে উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত। একই দিন রাত পৌনে ১০টার দিকে তেরচর এলাকায় তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজনের বিরুদ্ধেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal