Advertise top
বরিশাল

বরিশালে প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্ধেকের বেশি পদ শূণ্য

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম    

বরিশালে প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্ধেকের বেশি পদ শূণ্য
বরিশাল প্রাণিসম্পদ কমপ্লেক্স। ফাইল ছবি

জনবল সংকটে বরিশাল বিভাগে প্রাণিসম্পদ অধিদপ্তরের ৫৩৭ পদের ২৮৮টি শূন্য থাকায় সেবা ও উন্নয়ন ব্যাহত হচ্ছে।

 

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বরিশালের প্রাণিসম্পদ কমপ্লেক্সে অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সরোয়ার। কিন্তু অনুষ্ঠানের আড়ালে বড় জনবল ঘাটতির চিত্র রয়ে গেছে।

 

বরিশাল বিভাগে বছরে প্রায় সাড়ে ৯ লাখ টন দুধ, ১৬১ কোটি ডিম ও ৭ লাখ টনের বেশি গোশত উৎপাদিত হয়। এই অঞ্চলে ঈদুল আজহার কোরবানিও প্রায় এক দশক ধরে স্থানীয় গবাদিপশুতেই মিটছে। তবু ৪২ উপজেলায় অনুমোদিত পদের অর্ধেকের বেশিতে কোনো কর্মকর্তা-কর্মচারী নেই।

 

প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ও ভেটেরিনারি পাবলিক হেলথের একমাত্র উপপরিচালকের পদ ফাঁকা। জেলা প্রশিক্ষণ কর্মকর্তার ছয় পদের চারটি এবং জেলা ভেটেরিনারি কর্মকর্তার ছয় পদের দুটি শূন্য। কৃত্রিম প্রজননের ছয় উপপরিচালকের জায়গায় আছেন দুজন। অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ছয় পদের পাঁচটিই ফাঁকা।

 

উপজেলা পর্যায়ে ২২টিতে প্রাণিসম্পদ কর্মকর্তা নেই। ১২ উপজেলায় ভেটেরিনারি সার্জন নেই। উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) পদে ১৫৬টির ১০২টি শূন্য। কৃত্রিম প্রজননের ৪৪ পদের ২৩টি এবং প্রাণিস্বাস্থ্যের ৪২ পদের ২৩টি ফাঁকা।

 

অর্ধেকেরও কম জনবল নিয়ে অধিদপ্তর এই অঞ্চলে দুই কোটির বেশি মুরগি, ৩৩ লাখ গরু, ১১ লাখ ৬৭ হাজার ছাগল ও ১০ লাখের বেশি ভেড়াসহ বিপুল সংখ্যক প্রাণীকে সেবা দিচ্ছে।

 

এ অঞ্চলে প্রায় দেড় হাজার ডেইরি খামারে সাড়ে ৫ হাজার গরু এবং ৪০০-র বেশি খামারে সাড়ে ১০ হাজার ছাগল পালন হচ্ছে। ৫১টি খামারে প্রায় দেড় হাজার ভেড়া আছে। খামারিরা বলছেন, খাবার ও চিকিৎসা ব্যয় কয়েক গুণ বেড়েছে। নতুন খামার তো দূরের কথা, আছেগুলো টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে।

 

নাম প্রকাশ না করার শর্তে প্রাণিসম্পদ খাতে কর্মরত একাধিক বেসরকারি সংস্থার প্রতিনিধি অধিদপ্তরে পূর্ণ জনবল নিয়োগের তাগিদ দেন। উদ্যোক্তারা স্বল্প সুদে সহজ শর্তে ঋণ ও খাদ্য-ওষুধের দাম নিয়ন্ত্রণের দাবি জানান। তারা পশুবিমা এবং ঘূর্ণিঝড়প্রবণ উপকূলীয় চরাঞ্চলে পশু রক্ষায় মজবুত অবকাঠামোর কথাও বলেন।

 

প্রায় পাঁচ বছর আগে অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বরিশালের এক কর্মশালায়ও দক্ষ জনবলের ঘাটতির কথা উঠেছিল। তখন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পকে (এলডিডিপি) সমাধান হিসেবে দেখা হয়েছিল। কিন্তু বিষয়টিতে খুব অগ্রগতি হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal