Advertise top
রাজনীতি

বরিশাল বিভাগের ৩ জেলায় গ্রেপ্তার ৪১, হয়েছে হামলা,ভাঙচুর অগ্নিসংযোগ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম    

বরিশাল বিভাগের ৩ জেলায় গ্রেপ্তার ৪১, হয়েছে হামলা,ভাঙচুর অগ্নিসংযোগ
বরগুনা পুলিশ সুপারের অফিস

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত চার দিনে বরিশাল বিভাগের ৩ জেলা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলা,ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে।

 

এরমধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে বরগুনা জেলায়, ৩০ জন। এরমধ্যে আমতলী থেকে ১১ জন, বেতাগী থেকে ১০, পাথরঘাটা থেকে ০৬, বামনা থেকে ০১ এবং সদর উপজেলার থেকে ০২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বরগুনা জেলা পুলিশের বিশেষ শাখার ওসি মো. কামরুজ্জামান।

 

এরপর বরিশাল জেলায় গ্রেপ্তার করা হয়েছে ০৭ জনকে। এরমধ্যে ১৭ নভেম্বর কোতোয়ালি মডেল থানা পুলিশ মহানগর আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করে। ১৮ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চার কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।১৯ নভেম্বর গভীর রাত ও ২০ নভেম্বরের অভিযানে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

অপরদিকে ১৯ নভেম্বর পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ০৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

 

পুলিশ জানায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় বরগুনা পৌর শহরে মশাল মিছিল, জেলার বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় যাত্রীবাহী বাসসহ একাধিক যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।

 

এ ছাড়া বিভিন্ন সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

 

বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেছেন।

 

আমতলী থানার ওসি ইয়াকুব হোসাইন বলেন, আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে জনমনে আতঙ্ক ও ভোগান্তি সৃষ্টি করায় স্থানীয় লোকজন কয়েকজনকে আটক করে রাখেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানা হেফাজতে নিয়ে আসেন। পরে নাশকতার ঘটনা আশঙ্কায় নিষিদ্ধ সংগঠনের আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। আমতলী থানায় গ্রেপ্তার হওয়া ১১ জনের নামে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

 

এ ছাড়া বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এছাড়া ২০ নভেম্বর বিএনপির সাবেক এক পৌর মেয়রের শ্বশুরবাড়ি থেকে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

বাড়ীঘরে হামলা, ভাঙচুর ,  অগ্নিসংযোগ

একই সময়ে অর্থাৎ ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত বরিশাল বিভাগের কয়েকটি জেলায় অন্তত ১০টির বেশি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, জানালার কাচ ভাঙচুর এবং নিচতলার নিরাপত্তাকর্মীর কক্ষে অগ্নিসংযোগ।

 

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের পৈত্রিক বাসভবন  নগরীর বৈদ্যপাড়া এলাকার ‘তহুরা মঞ্জিল’এ ১৯ নভেম্বর সন্ধ্যায় হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নিচতলার একটি কক্ষে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

ওই বাসভবনে জিয়াউল আহসানের ছোট ভাই, বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না। বর্তমানে জিয়াউল আহসান কারাগারে রয়েছেন এবং বাসাটিতে ভাড়াটিয়ারা বসবাস করছেন।

 

এ ছাড়া ১৮ নভেম্বর ভোররাতে নগরীর সিঅ্যান্ডবি সড়কে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ের নিচতলায় এবং বিএম কলেজের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

পটুয়াখালী জেলায় ১৮ নভেম্বর রাত থেকে ১৯ নভেম্বর ভোর পর্যন্ত পটুয়াখালী শহর ও আশপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮ জন নেতার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীরের বসতবাড়িতে আগুন দেওয়া হয় এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, শ্রমিক লীগ নেতা খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার ও সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়।

 

পিরোজপুরের বিভিন্ন এলাকায় ১৮ ও ১৯ নভেম্বর রাজনৈতিক উত্তেজনার জেরে একাধিক বাড়িঘর ও স্থাপনায় হামলা-অগ্নিসংযোগ এবং নাশকতার খবর পাওয়া গেছে।

 

বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, পৌর শহরের মাছ বাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal