Advertise top
বিদেশ

দখলদার ইসরাইলের হামলায় গাজায় নিহত ৪

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম    

দখলদার ইসরাইলের হামলায় গাজায় নিহত ৪
গাজা সিটিতে ইসরাইলি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ত্রাণবাহী ভ্যান। সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় দখলদার ইসরাইলি হামলা ও গুলিতে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন ত্রাণবাহী গাড়িতে ড্রোন হামলায় প্রাণ হারান।

 

গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার বহনকারী একটি গাড়িতে শনিবার, ২১ নভেম্বর ইসরাইলি ড্রোন হামলা হয়। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, এতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামলার পর তিনজন পুরুষের মরদেহ আনা হয়েছে।

 

হামাসের কর্তৃত্বাধীন বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানায়, উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে একজন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির ছবিতে দেখা যায়, বিস্ফোরণে একটি ভ্যান বিধ্বস্ত হয়েছে। গাড়ির ভেতরে খাবার ছড়িয়ে-ছিটিয়ে আছে।

 

দখলদার ইসরাইলি বাহিনী এএফপিকে জানায়, তারা ওই এলাকায় ‘বেশ কয়েকজন সামরিক অভিযানে জড়িত ব্যক্তিকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর বেশি বিস্তারিত তারা জানায়নি।

 

এর আগের দিন বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে বিমান হামলায় চারজন নিহত হন। ওই হামলায় হামাসের সামরিক শাখার কয়েকজনকে লক্ষ্য করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী। শনিবার, ২১ নভেম্বর মধ্য গাজার বিভিন্ন স্থান থেকে ফিলিস্তিনিরা তাদের জানাজায় জড়ো হন।

 

নিহত একজনের ভাই মাহদি আবু গারকুদ এএফপিকে বলেন, ‘গাজায় যুদ্ধ শেষ হয়ে গেছে—এমনটা ধরে নিয়ে পুরো বিশ্ব আমাদের পরিত্যাগ করেছে।’

 

এএফপির হিসাবে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে এ হিসাব করা হয়েছে। জাতিসংঘ এসব পরিসংখ্যানকে নির্ভরযোগ্য মনে করে। ইসরাইলি বাহিনীর দাবি, একই সময়ে তাদের সাত সেনা ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal