বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

ছোটবেলার আর্টিস্ট হওয়ার স্বপ্ন তাড়া করে সালমান রহমান অন্তর এখন জিটিএ সিক্সের ডিজাইন দলে। গেমটি ১৯ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে।
১৩ বছর অপেক্ষার পর মুক্তি পাওয়া গ্র্যান্ড থেফট অটো সিক্সের সঙ্গে জড়িয়ে আছেন এক বাংলাদেশি। তিনি ৩৪ বছর বয়সী সালমান রহমান অন্তর। গেম নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার টরন্টোর ডিজাইন দলে কাজ করেন তিনি।
ছোটবেলা থেকেই আর্টিস্ট হতে চেয়েছিলেন সালমান। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এএইচএসসি শেষে চারুকলায় পড়তে চেয়েছিলেন তিনি। বাবা-মায়ের অনিচ্ছায় ভর্তি হন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, স্থাপত্যে। পাস করে চার বন্ধু মিলে একটি আর্কিটেকচারাল ফার্ম খোলেন। পাশাপাশি চলতে থাকে গেমের চরিত্র তৈরির কাজ।
কানাডার জর্জ ব্রাউন কলেজে ২০১৯ সালে গেম আর্টে ভর্তি হন তিনি। কিন্তু করোনার কারণে কানাডায় থেকেও ক্যাম্পাসে ক্লাস করা হয়নি। পুরো সময় অনলাইনেই শিখতে হয়েছে। পড়াশোনা শেষ হয় ২০২২ সালে।
সালমান জানান, রকস্টারের ক্যারেক্টার ডিজাইনার নিয়োগের খবর পেয়ে অন্য সবার মতো তিনিও পোর্টফোলিও জমা দেন। পরে সরাসরি কথা বলতে ডাক পান। ২০২২ সালের নভেম্বরে রকস্টার টরন্টোতে যোগ দেন তিনি। ঠিক চার বছর পর মুক্তি পেল গেমটি।
তার মূল কাজ ছিল ব্যাকগ্রাউন্ডের চরিত্র নিয়ে। এসব চরিত্র খেলোয়াড় নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু পুরো শহরকে প্রাণবন্ত রাখে। চরিত্রগুলো দেখতে কেমন হবে, কী পরবে ও কী করবে, তা দলের সঙ্গে মিলে ঠিক করতেন তিনি। গেমের এন্ড ক্রেডিটে আর্টিস্ট হিসেবে তার নাম আছে।
গেম ইন্ডাস্ট্রিতে আসতে চাওয়াদের জন্য তার পরামর্শ, ‘যতই প্রযুক্তি আসুক, এআই আসুক, বেসিক যদি শক্ত না থাকে, তবে বেশি দূর আগানো সম্ভব নয়।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন