Advertise top
আদালত-অপরাধ

পিরোজপুরসহ ৪ জেলায় আ. লীগ নেতাদের বাড়িতে আগুন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম    

পিরোজপুরসহ ৪ জেলায় আ. লীগ নেতাদের বাড়িতে আগুন
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়ি। ছবি: সংগৃহীত

লকডাউন কর্মসূচির আগের রাতে পিরোজপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা ও আগুনের ঘটনা ঘটেছে।

 

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। নাজিরপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার, ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে তার বাড়িতে হামলা চালায়। প্রায় আধা ঘণ্টা পর উপজেলা সদরে তার অন্য বাড়িতেও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত নয়।

 

চাঁদপুর শহরের কদমতলা মার্কেটে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় রাত নয়টার দিকে আগুন দেওয়া হয়। বাসাটি মার্কেটের তৃতীয় তলায়। নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই বাসায় ২০২৪ সালের ৫ আগস্টও আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছিল।

 

নারায়ণগঞ্জের জামতলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির সামনে রাত সাড়ে আটটার দিকে ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী মশালমিছিল নিয়ে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা ফটকের সামনে আগুন জ্বালান এবং কুশপুত্তলিকা দাহ করেন। মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রিফাত হোসেন বলেন, শামীম ওসমান ও তার অনুসারীরা যাতে নাশকতা করতে না পারেন, সেই বার্তা দিতেই আগুন দেওয়া হয়েছে।

 

সিরাজগঞ্জ শহরে বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে আগুন ও ভাঙচুর হয়। সন্ধ্যায় একই সড়কে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, এ ঘটনায় দলের কোনো সংশ্লিষ্টতা নেই। সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal