বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

মাঠ, উইকেট, ইনডোর ও কোচ আগে থেকেই আছে। তাই বরিশালসহ ছয়-সাতটি শহরে একাডেমি খুলছে বিসিবি।
প্রথম ধাপের এই তালিকায় নাম এসেছে বরিশালের। বিসিবি সভাপতি তামিম ইকবাল রবিবার, ২২ নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তামিমের মতে, একাডেমি চালুর জন্য বিসিবির বড় বিনিয়োগ লাগবে না। তিনি বলেন, “আমার কী লাগবে একাডেমি শুরু করতে? বল আর কাপড়।” বরিশালের প্রসঙ্গে তার বক্তব্য, “একইভাবে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালেও। কোচও আছে।”
জেলা ও বিভাগীয় কোচদের বেতন দেয় বোর্ড। তবে কয়েক মাস কাজ করার পর অনেক সময় তাদের হাতে কাজ থাকে না। একাডেমি চালু হলে তারা কাজের সুযোগ পাবেন বলে জানান তামিম।
প্রতিটি একাডেমিতে ৫০ থেকে ৬০ জন তরুণ ক্রিকেটার বাছাই করা হবে। প্রশিক্ষণের পুরো খরচ বহন করবে বিসিবি। পড়াশোনায় যেন সমস্যা না হয়, সে জন্য একাডেমি চলবে সপ্তাহের শেষ তিন দিন।
স্থানীয় একাডেমিগুলোকে চ্যালেঞ্জ করা এর উদ্দেশ্য নয় বলে স্পষ্ট করেন তামিম। তার ভাষ্য, বিসিবির একাডেমি স্থানীয় উদ্যোগের পরিপূরক হয়ে কাজ করবে।
বোর্ড সভায় ২৮ নভেম্বর প্রস্তাবটি অনুমোদনের জন্য তোলা হবে। অনুমোদন মিললে কয়েক মাসের মধ্যেই একাডেমির কার্যক্রম শুরু হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন